ব্যুরো নিউজ, ২৩ অক্টোবর ২০২৬: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে আদিবাসী জনগোষ্ঠীর মানুষদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শুক্রবার ঝাড়গ্রামের মানিকপাড়ায় লোধা শবর অধ্যুষিত কালাঝরিয়ায় এক সরকারি কর্মসূচিতে যোগ দিয়ে তিনি জানান, এখন থেকে প্রতি সপ্তাহে আদিবাসীদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে পুষ্টিকর খাবার। এর মধ্যে থাকবে চাল, ডাল, তেল ও সয়াবিন। এই নতুন প্রকল্পের ফলে ঝাড়গ্রামের ২৫ হাজার এবং পশ্চিম মেদিনীপুরের ৪৫ হাজার পরিবার সরাসরি উপকৃত হবে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, এই প্রকল্পটি সাধারণ রেশন ব্যবস্থার বাইরে একটি অতিরিক্ত উদ্যোগ, যার মূল লক্ষ্য হল পুষ্টিকর খাদ্য থেকে যেন কোনো আদিবাসী পরিবার বঞ্চিত না হয়। বাজেটেই এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল। একই মঞ্চ থেকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তফসিলি জনজাতির বার্ধক্য ভাতা বাড়িয়ে দেড় হাজার টাকা করা হয়েছে। এছাড়া, রাজ্যের ২ লক্ষ আদিবাসী পড়ুয়াকে মাসিক ৮০০ টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করা হয়। বাঁকুড়া ও ঝাড়গ্রামে আদিবাসী বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্তও নিয়েছে রাজ্য সরকার।
ঝাড়গ্রামের উন্নয়নে তাঁর সরকার ৩৪২ কোটি টাকা বরাদ্দ করেছে জানিয়ে মুখ্যমন্ত্রী বিগত সরকারের সমালোচনা করে বলেন, তারা কেন্দ্রের বহু কর্মসূচিতে যুক্ত হয়নি এবং পশ্চিমাঞ্চলে মাত্র ৬ কোটি টাকার কাজ করেছে। তিনি প্রতিশ্রুতি দেন, তাঁর সরকার পশ্চিমাঞ্চলকে বঞ্চিত করবে না এবং এই অঞ্চলের দায়িত্ব তাঁর হাতেই। খুব শীঘ্রই ‘আদিবাদী মহিলা সমৃদ্ধি যোজনা’ চালু হবে এবং ১২৫ দিনের কাজের গ্যারান্টিও দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।








