ব্যুরো নিউজ, ২৬ অক্টোবর ২০২৬: গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি দেশি পিস্তল ও দু’রাউন্ড তাজা কার্তুজ-সহ এক যুবককে গ্রেপ্তার করল সামশেরগঞ্জ থানার পুলিশ। শনিবার রাতে ঝাড়খণ্ড সীমান্ত সংলগ্ন চসকাপুর ঘোড়ামারা মোড় এলাকা থেকে তাকে হাতেনাতে পাকড়াও করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম রুহুল শেখ (২০), বাড়ি ঝাড়খণ্ডের পাকুড় থানার অন্তর্গত জিকোরঘাঁটি এলাকায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সামশেরগঞ্জ থানায় এক সাংবাদিক সম্মেলন করে এই গ্রেপ্তারির বিস্তারিত তথ্য তুলে ধরেন জঙ্গিপুর পুলিশ জেলার আধিকারিকরা।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সজল কান্তি বিশ্বাস, ফরাক্কার এসডিপিও দীপেন্দ্র তামাং এবং সামশেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক কুনাল কান্তি দাস। অতিরিক্ত পুলিশ সুপার সজল কান্তি বিশ্বাস জানান, ঝাড়খণ্ডের এক যুবক আগ্নেয়াস্ত্র ও গুলি হস্তান্তর করতে আসবে এমন খবর গোপন সূত্রে পেয়ে সামশেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক কুনাল কান্তি দাসের নেতৃত্বে পুলিশের একটি দল চসকাপুর ঘোড়ামারা মোড় এলাকায় অভিযান চালায়। সন্দেহভাজন রুহুল শেখকে আটক করে তল্লাশি চালানোর পর তার কাছ থেকে দুটি ওয়ান শাটার দেশি পিস্তল ও দু’রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে রবিবার সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে। এই অস্ত্র কারবারের সঙ্গে আর কে বা কারা জড়িত, কোথা থেকে এই অস্ত্র আনা হচ্ছিল এবং কাকে হাতবদল করা হতো, সে বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ। জঙ্গিপুর পুলিশ জেলা এই ধরনের অবৈধ অস্ত্র কারবার সম্পূর্ণ বন্ধ করতে প্রতিজ্ঞাবদ্ধ ও বদ্ধপরিকর বলে আধিকারিকরা জানিয়েছেন।








