ব্যুরো নিউজ, ২৬ অক্টোবর ২০২৬: পাঞ্জাবের মোগা টাউনের অঙ্গদপুরায় রবিবার ভয়াবহ এক ঘটনা ঘটেছে। একটি দোকানের সামনে আচমকাই দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারালেন দুই ভাই। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এবং ভোটমুখী পাঞ্জাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে অঙ্গদপুরার একটি দোকানের সামনে বসে গল্প করছিলেন চারজন। তাঁদের মধ্যে ছিলেন ৩০ বছর বয়সী গগন জিন্দাল এবং ৪০ বছর বয়সী সাহিল জিন্দাল, যারা সম্পর্কে দুই ভাই। আচমকাই সেখানে একটি কালো রঙের স্করপিও এসইউভি এসে দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগেই গাড়ি থেকে চারজনকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীদের মতে, প্রায় ১৫ থেকে ২০ রাউন্ড গুলি চালানো হয়। হামলাকারীরা গাড়ি থেকে নামেনি, ফলে তাদের মুখ দেখতে পাননি কেউ। গুলি চালানোর পর দ্রুতগতিতে গাড়ি নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। গুরুতর আহত অবস্থায় চারজনকেই দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গগন জিন্দাল এবং সাহিল জিন্দালের মৃত্যু হয়।
একই পরিবারের দুই ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে গোটা মোগা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনার পর থেকেই পাঞ্জাবের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরব হয়েছে বিরোধী দলগুলি। আপ সরকারের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে তাদের দাবি, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে এবং তাদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে।
এই ধরনের প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা আসন্ন বিধানসভা ভোটের আগে রাজ্যের আইনশৃঙ্খলার অবনতির ইঙ্গিত দিচ্ছে যা বর্তমান পাঞ্জাব সরকারকে চরম অস্বস্তিতে ফেলেছে।








