ব্যুরো নিউজ, ২৬ অক্টোবর ২০২৬: উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কনভয়ে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। সোমবার সকালে সুলতানপুর কোর্টে হাজিরা দিতে যাওয়ার পথে এই ঘটনা ঘটে।
হাইওয়ের উপর আচমকাই রাহুলের কনভয়ের পাঁচটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। প্রাথমিক খবর অনুযায়ী, এই দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন, তবে স্বস্তির খবর হলো বিরোধী দলনেতা রাহুল গান্ধী সম্পূর্ণ সুরক্ষিত আছেন। জানা গিয়েছে, বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে নিয়ে অবমাননাকর মন্তব্যের এক মামলার শুনানিতে যোগ দিতে লখনউ থেকে সুলতানপুরের এমপি এমএলএ কোর্টের উদ্দেশে রওনা দিয়েছিলেন রাহুল গান্ধী। গন্তব্যে পৌঁছনোর মাত্র ৩৫ কিলোমিটার আগে এই দুর্ঘটনা ঘটে। একটি অ্যাম্বুল্যান্স পিছন থেকে একটি গাড়িতে ধাক্কা মারলে তার জেরেই পরপর পাঁচটি গাড়িতে সংঘর্ষ হয়।
সূত্রের খবর, অ্যাম্বুল্যান্সটি এক কংগ্রেস কর্মীর গাড়িতে ধাক্কা মেরেছিল। এর ফলে অন্যান্য গাড়িগুলিতেও প্রভাব পড়ে এবং বেশ কয়েকজন আরোহী অল্পবিস্তর আহত হন। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাঁদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। কনভয়ের যে অংশে দুর্ঘটনা ঘটেছে, রাহুল গান্ধীর গাড়ি তার থেকে বেশ খানিকটা দূরে ছিল। ফলে তিনি নিরাপদেই রয়েছেন। কংগ্রেস নেতৃত্ব নিশ্চিত করেছেন যে রাহুল গান্ধীর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তাঁর নিরাপত্তা নিয়ে কোনও আশঙ্কা নেই।
এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং রাজনৈতিক মহলেও এই খবর দ্রুত ছড়িয়ে পড়েছে। উত্তরপ্রদেশ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে।








