ব্যুরো নিউজ, ২৬ অক্টোবর ২০২৬: মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ডে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড। গত রবিবার গভীর রাতে এই ঘটনায় পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটি বাস। লক্ষ্মী পুজোর রাতে এমন ঘটনায় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের তৎপরতা এবং দমকলের দুটি ইঞ্জিনের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও বড়সড় প্রাণহানির খবর না থাকলেও, বাসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, প্রতিদিনের মতো দূরপাল্লা ও স্থানীয় রুটের বহু বাস সারিবদ্ধভাবে পার্কিং করা ছিল। রাত ১২টা নাগাদ আচমকাই তিনটি বাসে আগুন লাগে এবং মুহূর্তের মধ্যে আগুনের শিখা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ এবং দমকল কর্মীরা। প্রথমে একটি ইঞ্জিন এলেও আগুন নিয়ন্ত্রণে না আসায় পরে আরও একটি ইঞ্জিন এসে পরিস্থিতি সামাল দেয়। প্রায় দু’ঘণ্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে।
তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়, তদন্তের পরই তা পরিষ্কার হবে। ঘটনাস্থলের পাশেই ইলেকট্রিক পোস্ট, লজ, পুলিশ সুপারের বাংলো এবং একাধিক বাস থাকায় বড় দুর্ঘটনার আশঙ্কা ছিল। স্বাভাবিকভাবেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। এই ঘটনায় বাস মালিকরা চরম ক্ষতির মুখে পড়েছেন।








