কুস্তিগির, ইঞ্জিনিয়র, ! টাইগার শ্রফ কাণ্ডে ধৃত অস্ত্র সরবরাহকারী প্রাঞ্জলের পরিচয় শুনে তাজ্জব পুলিশ

টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলিকাণ্ডে গ্রেফতার প্রাঞ্জল ঠাকরন। কুস্তিগির, ইঞ্জিনিয়র, অস্ত্র সরবরাহকারী প্রাঞ্জলের পরিচয় জেনে তাজ্জব পুলিশ। অনিল পণ্ডিতের নির্দেশে অস্ত্র সরবরাহের অভিযোগ।

Share:

ব্যুরো নিউজ, ২৬ অক্টোবর ২০২৬: অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। ধৃতের নাম প্রাঞ্জল ঠাকরন। ২২ বছরের এই যুবককে মধ্যপ্রদেশের ইন্দোর থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, গুলিকাণ্ডের মূল অভিযুক্ত অনিল পণ্ডিতের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল প্রাঞ্জলের। তার পরিচয় জেনে তাজ্জব পুলিশ।

পুলিশ সূত্রে খবর, প্রাঞ্জল নিজেকে কুস্তিগির বলে পরিচয় দিয়েছে। তার ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমাও রয়েছে। তদন্তকারীদের দাবি, প্রাঞ্জলের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধের অভিযোগ নথিভুক্ত হয়েছে এবং সে বর্তমানে জামিনে মুক্ত ছিল। অনিলের নির্দেশেই শুটারদের কাছে আগ্নেয়াস্ত্র পৌঁছে দেওয়ার দায়িত্ব সামলাত প্রাঞ্জল। এর আগেও পানিপথে একটি গুলিকাণ্ডে প্রাঞ্জল এবং এই মামলার অন্যতম অভিযুক্ত রেহান আনসারি ওরফে সুখ্খা জড়িত ছিল বলে তদন্তকারীরা জানিয়েছেন। সেই ঘটনাতেও অনিল পণ্ডিতের নির্দেশেই হামলা চালানো হয়েছিল। গত ১৮ অক্টোবর মুম্বইয়ের জুহু এলাকায় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে বাইকে চড়ে আসা তিন দুষ্কৃতী গুলি চালায়। এই ঘটনায় প্রাঞ্জলের গ্রেফতারির পর মোট ১১ জন অভিযুক্ত পুলিশ হেফাজতে রয়েছে।

ধৃতকে রবিবার এসপ্ল্যানেড আদালতে পেশ করা হলে ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। তদন্তকারীরা অভিযুক্তদের মধ্যে আর্থিক লেনদেন ও যোগাযোগের সূত্র খুঁজছেন। প্রাঞ্জলের আইনজীবী অবশ্য দাবি করেছেন, ঘটনার দিন সে ঘটনাস্থলে ছিল না এবং তার ভাইয়ের অসুস্থতার জন্য ইন্দোরে ছিল। তবে আদালত তার আবেদন খারিজ করে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।