গুয়াহাটির হোটেলে ভয়াবহ গুলি, ভাড়াটে-বাড়িওয়ালার বিবাদে একই পরিবারের ৪ জন সহ মৃত ৫

গুয়াহাটির উলুবাড়িতে বিলাস ইন হোটেলে ভাড়াটে-বাড়িওয়ালার বিবাদে ভয়াবহ গুলি। একই পরিবারের ৪ জন সহ ৫ জনের মৃত্যু। অভিযুক্ত গ্রেফতার।

Share:

ব্যুরো নিউজ, ২৭ অক্টোবর ২০২৬: গুয়াহাটির উলুবাড়ির বিলাস ইন হোটেলে ভাড়াটে এবং বাড়িওয়ালার বিবাদের জেরে ভয়াবহ গুলিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার রাতে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই হোটেলে আচমকাই গুলি চলে, যার ফলে একই পরিবারের চারজন সহ মোট পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়।

পুলিশ সূত্রে খবর, মৃতদের মধ্যে রয়েছেন হোটেলের মালিক হেলেনা ভরালি, তাঁর ভাই ভূদেব, পুত্র দেবর্ষি এবং পুত্রবধূ রিনিকি। এছাড়াও তাঁদের গাড়িচালক নারায়ণ দাসও গুলিতে প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় হোটেলের কেয়ারটেকার সত্যেন্দ্র পাঠক আহত হলেও আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, এটি কোনো জঙ্গি হামলা নয়, বরং ভাড়া সংক্রান্ত দীর্ঘদিনের বিবাদের জেরেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। সোমবার রাত সাড়ে ন’টা নাগাদ এই গোলাগুলি চলে এবং পরপর গুলির আওয়াজে গোটা এলাকা কেঁপে ওঠে। হোটেলে থাকা লোকজন ও স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়েই স্থানীয় থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং উচ্চপদস্থ আধিকারিকরাও সেখানে যান। ঘটনাস্থল থেকেই চারজনের মৃতদেহ উদ্ধার করা হয় এবং পরে আরও একজনের মৃত্যু হয়।

পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত ঘনকান্ত গগৈকে গ্রেপ্তার করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার নেপথ্যের কারণ ও অন্যান্য জড়িতদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে। এই নৃশংস ঘটনায় গুয়াহাটি শহরে গভীর শোকের ছায়া নেমে এসেছে।