ব্যুরো নিউজ, ২৭ অক্টোবর ২০২৬: খাস কলকাতার বেহালায় এক চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তাল রাজ্য রাজনীতি। প্রেম করার অভিযোগে এক যুবক, তাঁর বাবা ও বন্ধুকে বিবস্ত্র করে ঘোরানোর ঘটনার পর এবার সেই একই কায়দায় অভিযুক্তদেরও বিবস্ত্র করে ঘোরানো হল। পুলিশ সূত্রে খবর, গত ২৭ অক্টোবর, ২০২৬ তারিখে সরশুনা থানা এলাকার বসুন্ধরা পার্ক এলাকায় এক যুবক ও কিশোরীর প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে বর্বরোচিত ঘটনা ঘটে। তরুণীর পরিবারের আপত্তিতে যুবক, তাঁর বাবা ও এক বন্ধুকে মারধর করে বিবস্ত্র অবস্থায় ঘোরানো হয়। এমনকি বন্দুক দেখিয়ে যুবকের বাবাকে ছেলেকে গুলি করার জন্য চাপ দেওয়ার অভিযোগও ওঠে।
ঘটনার খবর পেয়েই পুলিশ দ্রুত পদক্ষেপ করে তরুণীর পরিবারের তিনজনকে গ্রেফতার করে। এরপর আজ সকালেই নাটকীয় মোড় নেয় ঘটনা। গতকাল যেভাবে আক্রান্তদের বিবস্ত্র করে ঘোরানো হয়েছিল, ঠিক একই কায়দায় তরুণীর দাদা, বাবা এবং মামাকে ঘটনাস্থল পুনর্নির্মাণের সময় খালি পায়ে, শার্ট ছাড়া ঘোরানো হয়। তাঁদের কোমরে দড়ি বাঁধা ছিল এবং পরনে ছিল শুধুমাত্র একটি হাফপ্যান্ট। এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যা নিয়ে জনমানসে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদিকে যেমন অনেকে এই ঘটনাকে ‘কৃত্যকর্মের ফল’ বলে অভিহিত করছেন, তেমনই পুলিশের এই ধরনের পদক্ষেপের আইনি বৈধতা এবং মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।








