সুপ্রিম কোর্টে স্বস্তি জ্ঞানেশের, নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মামলার শুনানি আপাতত স্থগিত

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে স্বস্তি। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে শুনানি আপাতত স্থগিত রেখেছে শীর্ষ আদালত।

Share:

ব্যুরো নিউজ, ২৭ অক্টোবর ২০২৬: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলার শুনানিতে আপাতত স্বস্তি পেলেন তিনি। এসআইআর, ফর্ম ১৬-তে পরিবর্তন আনা এবং একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়ার মতো একাধিক গুরুতর অভিযোগে তাঁর বিরুদ্ধে শীর্ষ আদালতে মামলা দায়ের হয়েছিল। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই মামলাগুলির সম্মিলিত শুনানি শুরু হয়। সেখানেই আপাতত জ্ঞানেশ কুমারকে স্বস্তি দিয়েছে আদালত। নির্বাচন কমিশনের কার্যপদ্ধতি এবং এসআইআর-সংক্রান্ত ফর্মে আনা পরিবর্তনকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে একটি পিটিশন দাখিল করা হয়েছিল।

এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবারই সুপ্রিম কোর্টে একটি হলফনামা জমা দিয়েছে নির্বাচন কমিশন। হলফনামায় কমিশন স্পষ্ট জানিয়েছে যে, উত্থাপিত অভিযোগগুলি সম্পূর্ণভাবে একটিমাত্র সংবাদ প্রতিবেদনের উপর ভিত্তি করে করা হয়েছে, যা ভিত্তিহীন। কমিশন আরও জানিয়েছে, কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপনীত হওয়ার আগে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতামত, পরামর্শ, পর্যবেক্ষণ, ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি বা প্রশ্ন – সবকিছুই পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করা হয়।

সুতরাং, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনারদের মতামতও সমানভাবে গুরুত্ব পায়। একতরফা সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। অন্যান্য অভিযোগগুলির বিষয়েও সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের মতামত জানতে চেয়ে নোটিস জারি করেছে। আপাতত জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে অন্যান্য আবেদনগুলির শুনানি স্থগিত রেখেছে শীর্ষ আদালত।