দেশের প্রতিরক্ষা খাতে ২.১২ লক্ষ কোটি টাকার অনুমোদন, জোর ‘আত্মনির্ভর ভারতে’

ভারতের প্রতিরক্ষা খাতে ২.১২ লক্ষ কোটি টাকার অনুমোদন। রাজনাথ সিংহের নেতৃত্বে ডিএসি'র সিদ্ধান্তে 'মেক ইন ইন্ডিয়া'য় জোর, দেশীয় প্রযুক্তিতে আধুনিকীকরণ।

Share:

ব্যুরো নিউজ, ২৭ অক্টোবর ২০২৬: দেশের সমরাস্ত্র ভাণ্ডারকে আরও সমৃদ্ধ ও সমকালীন করে তোলার লক্ষ্যে মোট ২.১২ লক্ষ কোটি টাকার বাজেট বরাদ্দে অনুমোদন দিল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বাধীন ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (ডিএসি)।

সোমবার সেনার জন্য প্রস্তাবিত এই ক্যাপিটাল অ্যাকুইজিশন প্রোপোজালে ‘অ্যাকসেপট্যান্স অফ নেসেসিটি’ দেওয়া হয়েছে ডিএসি’র বৈঠকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ স্বপ্নকে নতুন গতি দিতে বরাদ্দের কমবেশি ৮২ শতাংশ বা প্রায় ১.৭০ লক্ষ কোটি টাকার সরঞ্জাম দেশীয় সংস্থাগুলি থেকেই নেওয়ার কথা বলা হয়েছে।

সূত্র মারফত জানা গিয়েছে, স্থলসেনা, নৌসেনা এবং বায়ুসেনা— সেনার তিন বিভাগের জন্যই আলাদা আলাদা বরাদ্দ রাখা হয়েছে এই প্রস্তাবে। অনুমোদিত অঙ্ক দিয়ে হেলিকপ্টার, এয়ার ডিফেন্স সিস্টেমস, ড্রোন সহ একাধিক অত্যাধুনিক যুদ্ধাস্ত্র কেনার পরিকল্পনা করছেন সেনা কর্তৃপক্ষ। স্থলসেনার জন্য বিশেষ সামরিক যান, স্বয়ংক্রিয় গান সিস্টেম, লাইট মাল্টিরোল হেলিকপ্টার, ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম এবং কাউন্টার আনম্যানড এরিয়াল সিস্টেম (সি-ইউএএস) কেনার অনুমোদন মিলেছে। এছাড়া, দূরপাল্লার চালকবিহীন বিমান, নজরদারি ড্রোন, ইন্টিগ্রেটেড সার্ভেইল্যান্স অ্যান্ড স্ট্রাইক সিস্টেম এবং দূরপাল্লার কামিকাজে ড্রোন সিস্টেম কেনার প্রস্তাবেও সায় দেওয়া হয়েছে।

ভারতীয় নৌসেনার জন্য জাহাজ থেকে দূরে ব্যবহারযোগ্য বিশেষ ডিকয় সিস্টেম (এওডিএস) সহ একাধিক গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম কেনার প্রস্তাবে ছাড়পত্র দেওয়া হয়েছে। দেশের সংস্থাতেই নকশা বানানো এবং নির্মাণ করা হবে এমন বেশ কয়েকটি অত্যাধুনিক নৌ-সামরিক সরঞ্জাম কেনার প্রস্তাবেও অনুমোদন মিলেছে। বায়ুসেনার জন্য স্পেশ্যাল ইউটিলিটি হেলিকপ্টার, এয়ার ডিফেন্স সিস্টেম, মোবাইল এক্স-ব্যান্ড ডপলার ওয়েদার রেডার সিস্টেম সহ বেশকিছু অত্যাধুনিক প্রযুক্তির সরঞ্জাম কেনা হতে চলেছে।

সব মিলিয়ে, সেনার দ্রুত চলাচল, নজরদারি, আকাশপথে প্রতিরক্ষা, নির্ভুল হামলা এবং ড্রোন মোকাবিলার ক্ষমতা বাড়ানোই এই বরাদ্দের লক্ষ্য বলে দাবি করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে।