ঘূর্ণিঝড়ের আশঙ্কার মধ্যেই মন্দারমণিতে মর্মান্তিক দুর্ঘটনা, সমুদ্রে তলিয়ে মৃত এক যুবক

ঘূর্ণিঝড় অর্ণবের আশঙ্কার মধ্যেই মন্দারমণিতে মর্মান্তিক দুর্ঘটনা। সমুদ্রে তলিয়ে মৃত এক যুবক, উদ্ধার দুই। সমুদ্রস্নানে সতর্কতা জরুরি।

Share:

ব্যুরো নিউজ, ২৭ অক্টোবর ২০২৬: ঘূর্ণিঝড় অর্ণবের আশঙ্কার মধ্যেই পূর্ব মেদিনীপুরের মন্দারমণিতে ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা।

সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন তিন যুবক, যার মধ্যে এক জনের মৃত্যু হয়েছে। বাকি দু’জনকে অবশ্য নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। এই ঘটনা আবারও সমুদ্রস্নানে সতর্কতা ও নিয়ম মেনে চলার প্রয়োজনীয়তা তুলে ধরল।

আবহাওয়া অফিস আগেই জানিয়েছিল, ঘূর্ণিঝড় অর্ণবের প্রত্যক্ষ প্রভাব বাংলায় না পড়লেও ঝোড়ো হাওয়া ও বৃষ্টির প্রভাব থাকবে। উপকূলবর্তী এলাকায় সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা ছিল। এই সতর্কবার্তার মধ্যেই মঙ্গলবার তাজপুরের মল্লিকা বিচ সংলগ্ন এলাকায় বনভোজনে গিয়েছিলেন কয়েকজন। তাঁদের মধ্যেই ১৮ থেকে ৩৫ বছর বয়সী তিন যুবক সমুদ্রে স্নান করতে নামেন। জানা গিয়েছে, কর্তব্যরত নুলিয়ারা তাঁদের বারবার নিষেধ করা সত্ত্বেও শোনেননি। এমনকি একবার তাঁদের সমুদ্র থেকে নিরাপদে তুলেও আনা হয়েছিল। কিন্তু নুলিয়াদের নজর এড়িয়ে কিছুক্ষণ পরেই ওই তিন যুবক ফের উত্তাল সমুদ্রে স্নান করতে নামেন বলে অভিযোগ। সেই সময়েই নিয়ন্ত্রণ হারিয়ে ঢেউয়ের তোড়ে তলিয়ে যেতে শুরু করলে নুলিয়া ও স্থানীয়দের সহায়তায় তাঁদের দ্রুত উদ্ধার করা হয়।

স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হলে ১৮ বছর বয়সী গোবিন্দ পণ্ডা নামে এক যুবককে মৃত ঘোষণা করা হয়। উদ্ধার হওয়া বাকি দু’জনের মধ্যে ২২ বছর বয়সী সবুজবরণ সাউকে আশঙ্কাজনক অবস্থায় কাঁথি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ৩৫ বছর বয়সী বিকাশচন্দ্র জানা অবশ্য সুস্থ রয়েছেন।

এই ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।