ব্যুরো নিউজ, ২৮ অক্টোবর ২০২৬: মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে নেমে এল শোকের ছায়া। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল গুরুতর আহত চিতা শাবকের। তার শরীরে মিলেছে একাধিক ছররা গুলি, যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে চোরাশিকারিদের হামলার।
২০২২ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে ভারতে চিতা প্রত্যাবর্তন প্রকল্পে এই প্রথম চোরাশিকারির হাতে কোনও চিতার মৃত্যু হল, যা বন্যপ্রাণী নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। গত রবিবার সন্ধ্যায় মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানের মোরেনার পাহাড়পুর এলাকা থেকে ১৯ মাস বয়সী পুরুষ চিতা শাবকটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল। মা চিতা নিরভার এই শাবকটিকে দ্রুত কুনোর পশু চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হয়।
প্রাথমিকভাবে বড় কোনও প্রাণীর হামলার পাশাপাশি চোরাশিকারিদের হামলারও সম্ভবনার কথা সন্দেহ করা হচ্ছিল। চিকিৎসা চলাকালীন এক্স-রে রিপোর্টে তার শরীরে অজ্ঞাত বস্তুর অস্তিত্ব ধরা পড়ে। জবলপুরের NDVSU-এর ভেটেরিনারি সার্জারি বিভাগে সিটি স্ক্যান করে নিশ্চিত হওয়া যায় যে, ওই বস্তুগুলি চিতাটির অভ্যন্তরীণ অঙ্গ, পেশি ও স্নায়ুতন্ত্রের মারাত্মক ক্ষতি করেছে। অস্ত্রোপচার করে তার শরীর থেকে মোট ৫টি ছররা গুলি বের করা হলেও, সবরকম চেষ্টা সত্ত্বেও মঙ্গলবার ভোরে মৃত্যু হয় শাবকটির।
এই ঘটনা কুনো জাতীয় উদ্যানের বন্যপ্রাণী সুরক্ষাব্যবস্থা নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী সংরক্ষণ প্রকল্পে চোরাশিকারিদের এমন অনুপ্রবেশ এবং তাদের হাতে মর্মান্তিক ভাবে চিতার মৃত্যু, কর্তৃপক্ষের নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকেই প্রকট করে তুলেছে।








