ব্যুরো নিউজ, ২৮ অক্টোবর ২০২৬: পূর্ব বর্ধমানের গলসিতে এক সিভিক ভলান্টিয়ারের মানবিক উদ্যোগে নিখোঁজ বৃদ্ধা দুর্গা বাগদি অবশেষে নিজের বাড়িতে ফিরলেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং সিভিক ভলান্টিয়ার সুমিত মাঝির এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করছেন সকলে। জানা গিয়েছে, গলসির ভাষাপুরের বাসিন্দা দুর্গা বাগদি গত অষ্টমীর দিন বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান। প্রতিদিনের মতো সেদিনও তিনি এলাকার মধ্যে ঘুরতে বেরিয়েছিলেন, কিন্তু সন্ধ্যায় আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বহু চেষ্টা করেও তার কোনো সন্ধান পাননি।
ঘটনার দিন সকালে সিভিক ভলান্টিয়ার সুমিত মাঝি ব্যক্তিগত কাজে কর্জনা গিয়েছিলেন। সেখানে একটি চায়ের দোকানে চা খেতে বসে তিনি ভবঘুরে অবস্থায় এক বৃদ্ধাকে দেখতে পান। তিনি বৃদ্ধার কাছে যান, তাকে খাবার খাওয়ান এবং কথা বলে জানতে পারেন যে তিনি গলসি এলাকার বাসিন্দা। বৃদ্ধা নিজের সঠিক নাম বা ঠিকানা বলতে পারছিলেন না। সুমিত তখন তার ছবি তুলে সহকর্মীদের পাঠান। পরে একজন সাংবাদিকের সহায়তায় তিনি বৃদ্ধার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন। খবর পেয়ে বৃদ্ধার পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান। সিভিক ভলান্টিয়ারের এই সহমর্মিতা ও তৎপরতা এক হারানো পরিবারকে মিলিয়ে দিয়েছে।








