এবার আইআরসিটিসি-র হাত ধরে বাঘের ডেরায় ঘোরার সুযোগ, চালু হচ্ছে বিশেষ ট্যুর প্যাকেজ

আইআরসিটিসি-র নতুন ট্যুর প্যাকেজে এবার তাডোবা-পেঞ্চের জঙ্গলে বাঘ দেখার সুযোগ। থাকছে ট্রেন, হোটেল ও সাফারি। জানুন বিস্তারিত।

Share:

ব্যুরো নিউজ, ২৮ অক্টোবর ২০২৬:  যারা জঙ্গলের গভীরে ঘুরে বেড়ানো এবং বন্যপ্রাণী, বিশেষ করে রয়েল বেঙ্গল টাইগার দেখার স্বপ্ন দেখেন, তাদের জন্য সুখবর। ভারতীয় রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন (IRCTC) মহারাষ্ট্রের বনদপ্তরের সঙ্গে যৌথ উদ্যোগে এক বিশেষ ট্যুর প্যাকেজ চালু করছে। এই প্যাকেজের মাধ্যমে পর্যটকরা এবার তাডোবা এবং পেঞ্চের মতো বিখ্যাত অভয়ারণ্যে জঙ্গলের রাজা বাঘের দেখা পাবেন। ১৯ নভেম্বর থেকে এই পরিষেবা চালু হতে চলেছে। এই প্যাকেজে পাঁচ দিন ও চার রাতের একটি সম্পূর্ণ ভ্রমণসূচী তৈরি করা হয়েছে।

মুম্বাই থেকে যাত্রা শুরু করে গোন্দিয়া হয়ে আবার মুম্বাই ফিরবে এই ট্রেন। প্যাকেজের মধ্যে থাকছে কনফার্মড ট্রেনের টিকিট, হোটেল বা রিসর্টে থাকা-খাওয়ার ব্যবস্থা, যাতায়াতের সুবিধা এবং অবশ্যই জঙ্গল সাফারি। সবচেয়ে বড় সুবিধা হল, বন দপ্তরের প্রয়োজনীয় সাফারি পারমিটও আইআরসিটিসি-র তরফ থেকে জোগাড় করে দেওয়া হবে, যা সাধারণত পর্যটকদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। পর্যটকদের জন্য তাডোবা এবং বোর, তাডোবা এবং নাভেগাঁও-নাগজ়িরা, তাডোবা এবং টিপেশ্বর, তাডোবা এবং উমরেড-করহান্দলা, এবং পেঞ্চ ও উমরেড-করহান্দলা – এই পাঁচটি ভিন্ন রুটের মধ্যে বেছে নেওয়ার সুযোগ থাকছে। প্রতিটি রুটে থ্রি এসি এবং টু এসি কোচে সীমিত সংখ্যক বার্থ সংরক্ষিত থাকবে।

আইআরসিটিসি সূত্রে জানা গিয়েছে, বনাঞ্চলে সাফারি পারমিট বন দপ্তরের নিয়মের উপর নির্ভরশীল। তাই শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে, আগ্রহী পর্যটকদের যত দ্রুত সম্ভব বুকিং করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই বিশেষ প্যাকেজটি বন্যপ্রাণী প্রেমীদের জন্য এক দারুণ সুযোগ হতে চলেছে।