ব্যুরো নিউজ, ২৯ অক্টোবর ২০২৬: মালদার পুখুরিয়ায় হেলমেটহীন বাইক আটকানোয় ট্র্যাফিক ওসি আজমল হোসেনকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল দুই বাইক আরোহীর বিরুদ্ধে।
অভিযোগ, বাইক থামিয়ে লাইসেন্স দেখতে চাওয়ায় ওই দুই যুবক ওসির নাকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেন। গুরুতর জখম অবস্থায় ওসির নাকে তিনটি সেলাই পড়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার লগাম্বা থেকে পুখুরিয়া যাওয়ার পথে হেলমেটবিহীন একটি বাইকে দুই যুবককে দেখতে পান ট্র্যাফিক ওসি আজমল হোসেন। তিনি বাইকটি থামিয়ে চালকের কাছে লাইসেন্স দেখতে চান। অভিযোগ, এর পরেই বাইকে থাকা দুই যুবক ওসির উপর চড়াও হয় এবং সজোরে ঘুষি মারে। ঘুষির চোটে ওসির নাক ফেটে রক্তপাত শুরু হয়।
কর্তব্যরত সরকারি কর্মীকে মারধর ও কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ ওই দুই যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতরা সম্পর্কে দাদা-ভাই এবং তারা পরাণপুরের বাসিন্দা। তাদের মধ্যে একজন অগ্নিবীর পদে কর্মরত বলে জানা গিয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
ধৃতদের চাঁচল মহকুমা আদালতে পেশ করা হবে।








