ব্যুরো নিউজ, ২৯ অক্টোবর ২০২৬: কলকাতায় আইপ্যাকের প্রধান প্রতীক জৈনের বাড়ি ও অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হানা সংক্রান্ত মামলার শুনানি সুপ্রিম কোর্টে শেষ হয়েছে।
তবে, এই গুরুত্বপূর্ণ মামলার রায় আজ বৃহস্পতিবারও ঘোষণা করা হয়নি। আদালত রায় স্থগিত রেখেছে, যা রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা উস্কে দিয়েছে।
গত ৮ই জানুয়ারি বেআইনি কয়লা পাচার ও আর্থিক তছরুপের মামলার তদন্তের জন্য ইডি সল্টলেক সেক্টর ফাইভে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালিয়েছিল তারা। তল্লাশি চলাকালীন তৎকালীন মুখ্যমন্ত্রী নিজে ঘটনাস্থলে গিয়ে একাধিক নথিপত্র বার করে নিয়ে চলে গিয়েছিলেন। এই ঘটনায় ইডি এবং তৃণমূল পৃথক ভাবে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল।
আইপ্যাক প্রধানের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং ইডির তদন্তের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি চলছিল। উভয় পক্ষের সওয়াল-জবাব শোনার পর শীর্ষ আদালত এই রায় স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই স্থগিতাদেশের ফলে আপাতত স্বস্তিতে আইপ্যাক, তবে চূড়ান্ত রায়ের দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।
এই ঘটনা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইডির এই পদক্ষেপের বিরুদ্ধে আইনি লড়াইয়ে আইপ্যাক কী সাফল্য পায়, সেদিকেই নজর থাকবে সকলের। রায় ঘোষণার দিন পিছিয়ে যাওয়ায় মামলার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ল। সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশ রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মোড় আনতে পারে।








