গ্রাহকের অজান্তেই ৩৫ কোটি গায়েব! পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রেটার নয়ডা শাখায় তোলপাড়

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রেটার নয়ডা শাখায় গ্রাহকদের প্রায় ৩৫ কোটি টাকা খোয়া যাওয়ার অভিযোগ। ব্যাঙ্কের ম্যানেজার সহ ৫ জন কর্মী সাসপেন্ড। তদন্ত শুরু করেছে পুলিশ।

Share:

ব্যুরো নিউজ, ২৯ অক্টোবর ২০২৬: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (PNB) গ্রেটার নয়ডার একটি শাখায় গ্রাহকদের প্রায় ৩৫ কোটি টাকা খোয়া যাওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগ, গ্রাহকদের অনুমতি ছাড়াই তাঁদের সেভিংস অ্যাকাউন্ট ও ফিক্সড ডিপোজিট থেকে এই বিপুল পরিমাণ অর্থ সরানো হয়েছে। ঘটনার জেরে গ্রাহকদের মধ্যে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। একাধিক গ্রাহকের অভিযোগ, তাঁদের অ্যাকাউন্টে থাকা টাকা মেয়াদ শেষ হওয়ার আগেই অন্য অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে। এমনকি, টাকা সরানোর বিষয়ে কোনও মেসেজ বা নোটিফিকেশনও পাননি তাঁরা। ব্যাঙ্কের কর্মীদের কাছে হিসেবের তথ্য জানতে চাইলে তাঁদের রিজার্ভ ব্যাঙ্কের অডিটের অজুহাত দেখানো হয়েছে বলে জানা গেছে।

এই ঘটনায় ইতিমধ্যেই ব্যাঙ্কের ম্যানেজার সহ পাঁচ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এক গ্রাহকের প্রায় ৩৯ লক্ষ টাকা খোয়া গেছে, অন্য একজনের অ্যাকাউন্টে ৮৭ লক্ষ টাকার মধ্যে মাত্র ১ লক্ষ টাকা অবশিষ্ট রয়েছে। জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ জমা হওয়া ১.২৯ কোটি টাকা থেকেও প্রায় ১.১৮ কোটি টাকা উধাও হয়ে গেছে বলে অভিযোগ।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ১৬ জন গ্রাহক অভিযোগ দায়ের করেছেন। ব্যাঙ্কের দুর্নীতি দমন বিভাগও আলাদাভাবে তদন্ত চালাচ্ছে। টাকা কীভাবে সরানো হয়েছে এবং গ্রাহকেরা তাঁদের টাকা ফেরত পাবেন কিনা, তা তদন্তের পরই স্পষ্ট হবে।