বিজেপি নেতাদের চক্রান্তে মুখ্যমন্ত্রীর পদ খোয়ালাম, বিস্ফোরক দাবি প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের

মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বিস্ফোরক অভিযোগ এনেছেন। তাঁর দাবি, বিজেপি নেতাদের একাংশ কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে তাঁকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানোর চক্রান্ত করেছিল।

Share:

ব্যুরো নিউজ, ৩০ অক্টোবর ২০২৬: বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে তাঁকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানোর চক্রান্তের অভিযোগ তুললেন মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। তাঁর পদত্যাগের পর থেকে রাজ্যে লাগাতার হিংসার ঘটনা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

সম্প্রতি, এক সাক্ষাৎকারে বীরেন সিং বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মানুষের আস্থা ও বিশ্বাস ফিরে পেতে বিজেপি সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী পদে তাঁর ফেরার জন্য জনগণের মধ্যে প্রবল চাহিদা রয়েছে। বীরেন সিং জানান, ২০১৭ সাল থেকেই তাঁর সঙ্গে ভালো ব্যবহার করা হয়নি। তিনি দিল্লি নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ না করলেও, রাজ্যের কিছু নেতা তাঁর বিরুদ্ধে চক্রান্ত করেছেন বলে অভিযোগ করেন।

তিনি আরও বলেন, কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরও কিছু বিধায়ক তাঁর মুখ্যমন্ত্রী হওয়া মেনে নিতে পারেননি। তাঁরা বিজেপিকে নিজেদের সম্পত্তি বলে মনে করেন বলে প্রাক্তন মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। তাই তাঁর উত্থানকে সহ্য করতে না পেরে চক্রান্ত করে তাঁকে পদত্যাগ করতে বাধ্য করঅ্যা হয়েছে।

রাজ্যে শান্তি ফেরাতে তাঁর অপসারণ সহায়ক হবে, এই যুক্তিকেও চ্যালেঞ্জ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি উল্লেখ করেন, মেইতেই, কুকি ও নাগা সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ এখনও চলছে। তাঁর অপসারণের পর পরিস্থিতি যে শান্ত হয়নি, বরং হিংসা বেড়েছে, তা তিনি স্পষ্ট করেছেন। তাঁর মতে, রাজ্যে বিজেপির জনপ্রিয়তা অতি দ্রুত কমছে।

তিনি তাঁর কার্যকালে জোর দেওয়া বিভিন্ন বিষয়, যেমন মাদক বিরোধী অভিযান এবং অবৈধ অনুপ্রবেশ রোধে সরকারের দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর মূল উদ্বেগ এটাই যে, এই বিষয়গুলিতে সরকারের উদাসীনতা আসন্ন নির্বাচনে বিজেপির জন্য ক্ষতিকর হতে পারে।