ব্যুরো নিউজ, ৩০ অক্টোবর ২০২৬: বলিউড অভিনেত্রী সারা আলি খানের কেদারনাথ মন্দির পরিদর্শন এবং সেখানে পুজো দেওয়া নিয়ে এবার ফতোয়া জারি করলেন দেশের এক প্রভাবশালী মুসলিম ধর্মগুরু।
মৌলানা শাহাবুদ্দিন রেজভি বরেলভি, যিনি সর্বভারত মুসলিম জামাতের জাতীয় সভাপতি, তিনি এই ফতোয়া জারি করেছেন। তাঁর মতে, ইসলাম ধর্ম অনুযায়ী একজন মুসলিমের অন্য ধর্মের আচারে অংশ নেওয়া বা পুজো করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি ‘হারাম’ কাজ।
মৌলানা রেজভি স্পষ্ট জানিয়েছেন, সারা আলি খান যদি জেনেবুঝে এই কাজ করে থাকেন, তবে তিনি ইসলামি শরীয়ত লঙ্ঘন করেছেন। তিনি অভিনেত্রীকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার (তাওবা) আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, ইসলামে অন্য ধর্মের বিশ্বাস বা আচারে শামিল হওয়া কঠোরভাবে নিষেধ, তা সে পুরুষ হোক বা মহিলা।
উল্লেখ্য, ২০১৮ সালে ‘কেদারনাথ’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখার পর থেকেই এই পবিত্র স্থানের সঙ্গে সারার এক আধ্যাত্মিক যোগসূত্র তৈরি হয়েছে। তিনি প্রায়শই তাঁর কেদারনাথ ভ্রমণের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, যা তাঁর আধ্যাত্মিক যাত্রার প্রতিফলন। এর আগেও তাঁর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়টি বিতর্কের জন্ম দিয়েছে।
সম্প্রতি, কেদারনাথের মূল মন্দির এবং ভৈরব মন্দিরেও পুজো ও আরতিতে অংশ নিতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এই ঘটনাকে কেন্দ্র করেই এবার ধর্মগুরুদের একাংশ এই ফতোয়া জারি করেছে, যা নতুন করে ধর্মীয় বিতর্ক উস্কে দিয়েছে।








