ব্যুরো নিউজ, ৩০ অক্টোবর ২০২৬: বাঁকুড়ার বড়জোড়ায় এক মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক বিবাদের জেরে এক স্ত্রী তাঁর স্বামীর মাথায় কুড়ুলের কোপ বসিয়ে খুন করেছেন বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মধ্যরাতে, তাও আবার নিজেদের মেয়ের সামনে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বড়জোড়ার পখন্না গ্রামে এই ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম উজ্জ্বল চক্রবর্তী। ২০১৭ সালে ঝুমার সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। তাঁদের একটি কন্যাসন্তানও রয়েছে।
অভিযোগ, বেশ কিছুদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। একান্নবর্তী পরিবারে একসঙ্গে থাকতে চাইতেন না স্ত্রী ঝুমা, তিনি আলাদা সংসার পাততে চেয়েছিলেন। এই নিয়েই স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বিবাদ চলছিল। বৃহস্পতিবার রাতে ফের তাঁদের মধ্যে ঝামেলা শুরু হয়। অভিযোগ, সেই সময় ঝুমা তাঁর স্বামীর মাথায় কুড়ুল দিয়ে পরপর আঘাত করেন। ঘটনাস্থলেই উজ্জ্বল চক্রবর্তীর মৃত্যু হয়। তাঁর দাদা সনৎ চক্রবর্তী বাধা দিতে গেলে তাঁর হাতেও আঘাত লাগে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত স্ত্রী ঝুমাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। পারিবারিক বিবাদ নাকি অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ।








