ব্যুরো নিউজ, ৩১ অক্টোবর ২০২৬: জম্মু ও কাশ্মীরে রাজনৈতিক অস্থিরতা চরমে। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার বিরুদ্ধে তাঁর নিজের দলের ২৪ জন বিধায়ক বিদ্রোহের পথে হেঁটেছেন। সূত্রের খবর, মন্ত্রিসভার রদবদল এবং একাধিক নীতিগত সিদ্ধান্ত নিয়ে বিধায়কদের একাংশ অসন্তুষ্ট। এই অসন্তোষের জেরে দলের মধ্যে বড়সড় ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। বিদ্রোহী বিধায়কদের মূল অভিযোগ, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা নাসির আসলাম ওয়ানি দলের মধ্যে এবং সরকার পরিচালনায় স্বেচ্ছাচারিতা করছেন। কিন্তু মুখ্যমন্ত্রী এই বিষয়ে উদাসীন।
এছাড়াও, সম্প্রতি মন্ত্রিসভায় যে রদবদল করা হয়েছে, তাতে আঞ্চলিক ও ধর্মীয় ভারসাম্যের অভাব রয়েছে বলে অভিযোগ বিদ্রোহীদের। তাঁরা কয়েকজন মন্ত্রীর পদত্যাগেরও দাবি তুলেছেন। জানা গিয়েছে, শুক্রবার শ্রীনগরে বিধায়ক কাইজার জামশিদ লোনের বাড়িতে ১৮ জন বিধায়ক বৈঠকে বসেন। ভিডিও কলে যোগ দেন আরও ৬ জন।
তাঁদের বক্তব্য, “আমরা দলের বিরুদ্ধে নই, বরং দলে গণতন্ত্র ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য।” এই পরিস্থিতিতে ওমর আবদুল্লার নেতৃত্ব প্রশ্নের মুখে পড়েছে। রাজনৈতিক মহলের মতে, এই বিদ্রোহ দলের ভবিষ্যৎ এবং কাশ্মীরের রাজনৈতিক স্থিতিশীলতার উপর গভীর প্রভাব ফেলতে পারে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন সকলের নজর।








