ব্যুরো নিউজ, ৩১ অক্টোবর ২০২৬: ইন্ডি জোটের ডাকা ‘নকল সংসদ’ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ‘জনতার ইমপিচমেন্ট’ দেওয়ার ঘটনার ওপর তীব্র আক্রমণ নেমে এল বিজেপির পক্ষ থেকে।
বিরোধী জোটের এই পদক্ষেপকে ‘নাটক’ আখ্যা দিয়ে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র বলেন, ‘ওনারা (ইন্ডি জোট) যা খুশি করুক, রাহুল গান্ধী আজীবন ‘নকল প্রধানমন্ত্রী’ হয়েই থাকুন, আমাদের কোনও আপত্তি নেই। ওনার জ্বালানি শেষ হয়ে গিয়েছে।’
প্রসঙ্গত, শনিবার কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গের বাসভবনে ইন্ডিয়া জোটের নেতারা এক ‘জন মহাভিযোগ’ কর্মসূচির আয়োজন করে। সেখানে প্রাক্তন লোকসভার স্পিকার মীরা কুমারকে স্পিকারের আসনে বসানো হয়। রাহুল গান্ধী, খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধী সহ জোটের অন্য নেতারা সেখানে উপস্থিত ছিলেন।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ‘রাষ্ট্রদ্রোহের’ অভিযোগ এনে ‘জনতার ইমপিচমেন্ট’ পেশ করা হয়। এই কর্মসূচিতে ভোটচুরি, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং কারচুপির মতো একাধিক অভিযোগ আনা হয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে।
বিজেপির অভিযোগ, এই ধরনের পদক্ষেপ আসলে জনমানসে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা। সম্বিত পাত্র আরও বলেন, ‘এই নকল সংসদ আসলে তাদের হতাশারই প্রতিফলন। দেশের মানুষ এই নাটক দেখতে অভ্যস্ত নয়।’ তিনি আরও জানান, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে এবং এই ধরনের অভিযোগ ভিত্তিহীন।








