ব্যুরো নিউজ, ৩১ অক্টোবর ২০২৬: মালদার কালিয়াচকে ফের মাদক পাচার রুখতে বড়সড় সাফল্য পেল স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। ১২ নম্বর জাতীয় সড়কের মধুঘাট এলাকা থেকে একটি চারচাকা গাড়ি সহ তিন যুবককে গ্রেফতার করেছেন এসটিএফের আধিকারিকরা।
গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফের একটি দল মধুঘাট এলাকায় তল্লাশি চালাচ্ছিল। সেই সময় একটি সন্দেহজনক গাড়ি আটক করে তল্লাশি করতেই বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার হয়। গাড়িটি থেকে উদ্ধার হয়েছে ২ কেজি ৬৮৮ গ্রাম ব্রাউন সুগার, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা। এরপরই গাড়িতে থাকা তিন যুবককে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তিন যুবক হল কালিয়াচক থানার গয়েশবাড়ি অঞ্চলের বাখরপুর ও সুজাপুর এলাকার বাসিন্দা ২০ বছর বয়সী মাসুদ রহমান, ৩৭ বছর বয়সী হাসিবুর শেখ এবং ২৭ বছর বয়সী মহম্মদ নাবিউল হক।
বর্তমানে তদন্তকারীরা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই মাদক কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচার করার পরিকল্পনা ছিল, তা জানার চেষ্টা করছেন। এই মাদক পাচার চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের শনিবার মালদা জেলা আদালতে পেশ করে সাত দিনের পুলিশি হেফাজতের জন্য আবেদন জানানো হয়েছে।
মালদার কালিয়াচক এলাকায় বারবার বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধারের ঘটনায় মাদক পাচার চক্রের সক্রিয়তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ এই চক্রের শিকড় কতদূর বিস্তৃত, তা জানতে তদন্ত চালাচ্ছে।








