ব্যুরো নিউজ, ৩১ অক্টোবর ২০২৬: দেশের ব্যাঙ্কিং পরিকাঠামোর উপর সাইবার হামলার ঝুঁকি ক্রমশ বাড়ছে। বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তিকে ব্যবহার করে হ্যাকাররা আরও উন্নত ও জটিল আক্রমণ চালাচ্ছে, যা উদ্বেগজনক। এই পরিস্থিতিতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) দেশের সমস্ত ব্যাঙ্ককে সতর্ক করেছে।
শীর্ষ ব্যাঙ্ক জানতে চেয়েছে, ব্যাঙ্কগুলির সাইবার নিরাপত্তা ব্যবস্থা কতটা শক্তিশালী। তারা নিরাপত্তা সংক্রান্ত নিয়মাবলী কতটা মেনে চলছে এবং এআই নির্ভর সম্ভাব্য সাইবার হামলা মোকাবিলায় কতটা প্রস্তুত, সেই বিষয়ে বিস্তারিত তথ্য জমা দিতে বলা হয়েছে। আরবিআইয়ের এই সতর্কবার্তায় অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস বা এপিআই-এর উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এপিআই হল একটি সফ্টওয়্যার সংযোগ ব্যবস্থা, যার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রযুক্তিগত পরিকাঠামোর মধ্যে তথ্য আদানপ্রদান হয়।
সাম্প্রতিক সময়ে সাইবার অপরাধীরা এপিআই-এর দুর্বলতাগুলিকে কাজে লাগিয়ে বড় ধরনের প্রতারণা চালানোর চেষ্টা করছে। তাই ব্যাঙ্কগুলিকে তাদের এপিআই গেটওয়ে সুরক্ষিত করার পাশাপাশি নিয়মিত অডিট করার নির্দেশ দেওয়া হয়েছে। গ্রাহকদের তথ্য সুরক্ষিত রাখতে এবং আর্থিক লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আরবিআই চাইছে, ব্যাঙ্কগুলি যেন অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিজেদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করে।








