ব্যুরো নিউজ, ১ নভেম্বর ২০২৬: হ্যালোউইন উপলক্ষে নিজের প্রয়াত মা কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর ‘নাগিনা’ ছবির আইকনিক নাগিনীর সাজে সেজে সকলকে চমকে দিলেন জাহ্নবী কাপুর।
জাহ্নবীর এই নতুন লুক সোশ্যাল মিডিয়ায় আসতেই তা দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। পুরনো দিনের সেই বিখ্যাত সিনেমার মুহূর্তকে নতুন করে ফুটিয়ে তুলেছেন তিনি। জাহ্নবীর শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, তিনি হুবহু শ্রীদেবীর মতো সেজেছেন। সাদা লেহেঙ্গা এবং নীল চোখের সেই সাজ ভক্তদের মনে করিয়ে দিয়েছে শ্রীদেবীর কথা। শুধু তাই নয়, এই ছবিতে জাহ্নবীর সঙ্গে রয়েছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ওরি, যিনি সেজেছেন ঋষি কাপুরের সাজে।
ছবির ক্যাপশনে জাহ্নবী লিখেছেন, ‘হ্যাপি হ্যালোউইন। সর্বকালের অন্যতম আইকনিক সিনেমার মুহূর্তগুলোকে নতুন করে তৈরি করাটা ভীষণ ভাবে দরকার ছিল।’ তিনি আরও যোগ করেন, ‘হ্যালোউইন এখন আমাদের প্রিয় চরিত্র এবং পপ কালচারের মুহূর্তগুলোর মতো সাজগোজ করার উৎসবে পরিণত হয়েছে। মামা, ঋষি আঙ্কেল এবং অমরিশ স্যরের চেয়ে বেশি আইকনিক আর কে হতে পারে?’
এই পোস্টের মাধ্যমে জাহ্নবী তাঁর প্রয়াত মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। ভক্তরা জাহ্নবীর এই সাজের প্রশংসা করেছেন এবং অনেকেই শ্রীদেবীর কথা মনে করে আবেগপ্রবণ হয়ে পড়েছেন। এই লুকটি যে হ্যালোউইনের অন্যতম সেরা সাজ তা নিয়ে কোনও সন্দেহ নেই।








