ব্যুরো নিউজ, ১ নভেম্বর ২০২৬: রাজ্যে রাজনৈতিক পালাবদল হলেও মালদার ইংলিশবাজার থানার বালুচর এলাকায় বন্ধ হয়নি মহাজনি কারবার। চড়া সুদে টাকা ধার দেওয়া এবং নির্দিষ্ট সময়ে টাকা ফেরত দিতে না পারলে হুমকি ও মারধরের অভিযোগ উঠল এলাকার এক তৃণমূল নেতা ও তাঁর ছেলেদের বিরুদ্ধে।
অভিযোগের তীর এলাকার তৃণমূল নেতা রাজু কুন্ডু ও তাঁর ছেলেদের বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন রাজু কুন্ডু। তাঁর পাল্টা দাবি, বাড়ি ফেরার পথে ওই মহিলার স্বামী সহ কয়েকজন তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তিনি পাল্টা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন বলে দাবি করেছেন ওই তৃণমূল নেতা।
অন্যদিকে, আক্রান্ত ওই মহিলা পূজা মণ্ডলের অভিযোগ, রাজু কুন্ডু এলাকায় সুদের কারবার চালান। পারিবারিক সমস্যার কারণে তাঁর স্বামী বিকাশ হালদার রাজু কুন্ডুর কাছ থেকে ১০ হাজার টাকা সুদে ধার নিয়েছিলেন। সেই টাকার পরিবর্তে ইতিমধ্যেই সুদ সহ মোট ৩০ হাজার টাকা পরিশোধ করা হয়েছে। কিন্তু তারপরেও আরও টাকার জন্য চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ পূজার। অভিযোগ, অতিরিক্ত টাকা দিতে অস্বীকার করায় প্রথমে রাজু কুন্ডুর ছেলে ফোন করে খুন করে দেওয়ার হুমকি দেয়। এরপর কিছুক্ষণের মধ্যেই তাঁদের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালানো হয় এবং তাঁকে মারধর করা হয়।
ঘটনায় আতঙ্কিত পরিবারটি পুলিশের দ্বারস্থ হলে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ইংলিশবাজার থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে বালুচরের রামকৃষ্ণ মিশন ঘাট এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।








