ঝাড়গ্রামে ১২ কেজি গাঁজাসহ পাচারকারী গ্রেফতার, মাদক চক্রের সন্ধানে পুলিশ

মাদক সেবনের বিরুদ্ধে অভিযানে নেমে ১২ কেজি গাঁজাসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করল ঝাড়গ্রাম পুলিশ। মাদক চক্রের সন্ধানে শুরু হয়েছে তদন্ত।

Share:

ব্যুরো নিউজ, ১ নভেম্বর ২০২৬: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল ঝাড়গ্রাম থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সকালে ঝাড়গ্রামের কলাবনী এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানার কাকরিশ্বর গ্রামের বাসিন্দা ৩৩ বছর বয়সী সত্যজিৎ বিশ্বাস ওড়িশা থেকে এই বিপুল পরিমাণ গাঁজা সংগ্রহ করে গোয়ালতোড় এলাকায় বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। প্রতি কেজি গাঁজা ১২ হাজার টাকা দরে মোট ১ লক্ষ ৪৪ হাজার টাকার মাদক সে সংগ্রহ করেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। পুলিশের দাবি, ধৃত এর আগেও পাঁচবার মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিল। ষষ্ঠবার পাচারের সময়ই সে পুলিশের জালে ধরা পড়ে। পুলিশ ধৃতকে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করেছে।

এই পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত, ওড়িশা থেকে কীভাবে এই মাদক সরবরাহ করা হচ্ছিল এবং স্থানীয় স্তরে কারা এই কারবারে সহযোগিতা করছিল, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। এই চক্রের মূল পান্ডাদের ধরতে এবং মাদক সরবরাহ রুখতে পুলিশ আরও তৎপর হয়েছে।

ঝাড়গ্রাম জেলা পুলিশের তরফে জানানো হয়েছে যে, আগামী দিনেও মাদক পাচার ও বেআইনি কারবারের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষকেও এই বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।