ব্যুরো নিউজ, ২ নভেম্বর ২০২৬: শব্দবাজি বর্জন করে পরিবেশবান্ধব দীপাবলি পালনের বার্তা দিতে অভিনেত্রী দিয়া মির্জাকে এতদিন ব্যবহার করেছিল বৃহৎ মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)। কিন্তু এই ভিডিও ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হওয়ায় শেষ পর্যন্ত তা সরিয়ে নিতে বাধ্য হল তারা।
মুম্বই বিজেপির সভাপতি এই ভিডিওর বিরোধিতা করে জানান, দীপাবলি পালনের নিয়ম নিয়ে তিনি কারোর ‘জ্ঞান’ শুনতে চান না। তিনি সরাসরি আক্রমণ করে বলেন, ‘আমরা কীভাবে দীপাবলি পালন করব সেই নিয়ে দিয়া মির্জার থেকে জ্ঞান শুনতে চাই না। আমাদের সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে উৎসব পালনের সমস্ত রীতিনীতি।’
সম্প্রতি বম্বে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, উৎসবের মরসুমে দূষণ নিয়ন্ত্রণে পুরনিগম যেন পরিচিত মুখদের ব্যবহার করে সাধারণ মানুষকে সচেতন করে। সেই নির্দেশ মেনেই বিএমসি অভিনেত্রী দিয়া মির্জার একটি ভিডিও প্রকাশ করে। দিয়া সেখানে বাজি না পোড়ানো এবং শব্দদূষণ রোধ করার আবেদন জানিয়েছিলেন।
উল্লেখ্য, পরিবেশ সচেতনতা নিয়ে দিয়া মির্জা বরাবরই সরব। তবে, বিজেপি নেতার আপত্তির পরেই এই ভিডিওটি সরিয়ে নেওয়া হয়। যদিও একই ধরনের সচেতনতামূলক ভিডিও মাধুরী দীক্ষিত, অজিঙ্ক রাহানে বা নিশিগন্ধা ওয়াডের মতো ব্যক্তিত্বদের নিয়েও তৈরি হয়েছিল, কিন্তু সেগুলির বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠেনি। এই ঘটনায় প্রশ্ন উঠেছে, কেন শুধুমাত্র দিয়া মির্জার ভিডিও নিয়েই এত বিতর্ক?








