রাজস্থানে মর্মান্তিক দুর্ঘটনা, রাস্তা নির্মাণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৮ শ্রমিকের মৃত্যু

রাজস্থানের ঝুনঝুনু জেলায় রাস্তা নির্মাণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৮ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু। আহত ৩। শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর।

Share:

ব্যুরো নিউজ, ২ নভেম্বর ২০২৬: রাজস্থান ঝুনঝুনু জেলায় এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল। রাস্তা নির্মাণের কাজ চলার সময় উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে আসে একটি যন্ত্র। আর তার ফলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত ৮ জন নির্মাণ শ্রমিকের। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। পুলিশ সূত্রে জানা গেছে, কদম কুন্ডের কাছে ছাপোলি গ্রামে একটি সড়ক নির্মাণের কাজ চলছিল। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এই কাজটি হচ্ছিল। কিন্তু আচমকাই যন্ত্রটি ১১,০০০ ভোল্টের বিদ্যুৎবাহী তারের উপর দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে।

মুহূর্তের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশও দিয়েছেন। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।