ব্যুরো নিউজ, ৩ নভেম্বর ২০২৬: তদন্তাধীন মামলা নিয়ে সংবাদমাধ্যমে চলা ‘মিডিয়া ট্রায়াল’ বন্ধ এবং অন্তর্বর্তী সুরক্ষার দাবিতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) করা আবেদন দ্রুত শুনানির জন্য কলকাতা হাইকোর্টকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ এই নির্দেশ দেয়। অভিষেকের অভিযোগ ছিল, তাঁর এই জরুরি আবেদনটি কলকাতা হাইকোর্ট দ্রুত শুনতে রাজি হয়নি।
এই অভিযোগ নিয়েই তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর আইনজীবী শোয়েব আলম জানান, গত সেপ্টেম্বর মাসে হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করা হলেও, নির্দিষ্ট রোস্টার বা বিষয়বস্তুর আওতায় না থাকায় সেটি অমীমাংসিত থেকে যায়। অভিষেকের আইনজীবীর যুক্তি, সুপ্রিম কোর্টের একাধিক রায়েই স্পষ্ট যে, কোনও বিচার শেষ হওয়ার আগেই সংবাদমাধ্যমের এই ধরনের ‘মিডিয়া ট্রায়াল’ কোনও ব্যক্তির মৌলিক অধিকার এবং আইনি প্রক্রিয়ার নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করতে পারে।
তিনি আরও জানান, অন্তত তিন বার হাইকোর্টে এই আবেদন উল্লেখ করা হলেও কোনও শুনানি হয়নি। পরিস্থিতি বিবেচনা করে সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ সাংসদকে স্বস্তি দিয়ে জানিয়েছে, আগামী ১৬ নভেম্বর উৎসবের ছুটি শেষে আদালত খুললেই এই বিষয়টি নিয়ে দ্রুত শুনানি হবে। এই নির্দেশে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।








