ব্যুরো নিউজ, ৩ নভেম্বর ২০২৬: ফুটবল মাঠে মর্মান্তিক ঘটনা! সতীর্থের বাড়ানো বল ধরতে এগিয়ে আসা গোলকিপারের হাঁটুর গুঁতোয় বুকে গুরুতর আঘাত পেয়ে লুটিয়ে পড়লেন স্প্যানিশ ফুটবলার জেসুস দে মিগুয়েল। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা করা যায়নি। মাত্র ৩০ বছর বয়সে প্রয়াত হয়েছেন তিনি। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ফুটবল বিশ্বে।
ঘটনাটি ঘটেছে স্পেনের দ্বিতীয় ডিভিশন লিগ সেগুন্ডা ডিভিশনে এফসি অ্যান্ডোরা ও সিডি তেনেরিফের মধ্যকার ম্যাচে। খেলা যখন ২-২ গোলে অমীমাংসিত, তখন ম্যাচের একেবারে শেষ মুহূর্তে এই দুর্ঘটনা ঘটে। তেনেরিফের স্ট্রাইকার জেসুস দে মিগুয়েল প্রতিপক্ষের অর্ধে বলের দিকে এগিয়ে যাচ্ছিলেন। তাকে আটকাতে এগিয়ে আসেন অ্যান্ডোরার গোলকিপার জেসুস ওয়োনো। গোল বাঁচানোর চেষ্টায় তিনি অনেকটা লাফিয়ে ওঠেন এবং তার হাঁটু সরাসরি আঘাত করে মিগুয়েলের বুকে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন মিগুয়েল।
প্রথমে সতীর্থরা বা প্রতিপক্ষের খেলোয়াড়রা বুঝতে পারেননি আঘাত কতটা গুরুতর। তবে দ্রুত মেডিক্যাল টিম মাঠে ছুটে আসে এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছিল। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মিগুয়েলের ক্লাব সিডি তেনেরিফে এই দুঃসংবাদ নিশ্চিত করেছে।








