উৎসবের আনন্দে দামের ছ্যাঁকা! ঘি-মাখনের দাম বাড়াল আমুল, চাপে মধ্যবিত্ত

উৎসবের মরশুমে আমুল তাদের ঘি ও মাখনের দাম বাড়াল। ১ কেজি ঘিয়ের দাম ৫০ টাকা এবং ৫০০ গ্রাম মাখনের দাম ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে।

Share:

ব্যুরো নিউজ, ৫ নভেম্বর ২০২৬: মধ্যবিত্তের পকেটে ফের বড়সড় ধাক্কা। উৎসবের মরশুমে আমুল তাদের ঘি ও মাখনের দাম বাড়াল। জানা গিয়েছে, ১ কেজি ঘিয়ের দাম ৫০ টাকা বৃদ্ধি পেয়ে নতুন দাম হয়েছে ৬৮০ টাকা। অন্যদিকে, ৫০০ গ্রাম মাখনের দাম ১৫ টাকা বেড়ে ৩২৫ টাকা হয়েছে। বুধবার থেকেই এই নতুন দাম কার্যকর হয়েছে। আমুলের গরুর দুধের তৈরি ঘি-এর দামও বেড়েছে। ৫০০ মিলিলিটারের পাউচের দাম ৩৫০ টাকা থেকে বেড়ে ৩৭০ টাকা হয়েছে, অর্থাৎ ২০ টাকা বৃদ্ধি। ১ লিটার পাউচের দাম ৬৯৫ টাকা থেকে বেড়ে ৭৩৫ টাকা হয়েছে। ১০০ গ্রাম মাখনের প্যাকেটের দামও ৩ টাকা বেড়ে ৬৬ টাকা হয়েছে, যা আগে ৬৩ টাকা ছিল।

সংস্থা সূত্রে খবর, দুধ উৎপাদনের খরচ বেড়ে যাওয়াই এই মূল্যবৃদ্ধির প্রধান কারণ। বাজারে চাহিদা বৃদ্ধি এবং কিছু জায়গায় আমুলের গরুর দুধের তৈরি ঘিয়ের ঘাটতিও মূল্যবৃদ্ধির অন্যতম কারণ বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, বাংলার বিধানসভা ভোট মেটার পরই আমুল লিটার প্রতি ২ টাকা করে দুধের দাম বাড়িয়েছিল। এই ধারাবাহিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রায় আরও চাপ সৃষ্টি করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।