ব্যুরো নিউজ, ৫ নভেম্বর ২০২৬: আমেরিকার রাজনীতিতে ফের আলোচনার কেন্দ্রে ভারতীয় বংশোদ্ভূত এক নারী। লস অ্যাঞ্জেলেসের মেয়র নির্বাচনে এগিয়ে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত প্রার্থী নিথ্যা রমন। তাঁর এই অগ্রগতি মার্কিন রাজনীতিতে ভারতীয় বংশোদ্ভূতদের ক্রমবর্ধমান প্রভাবকে আরও একবার সামনে নিয়ে এসেছে। নির্বাচনের ফলাফল ঘিরে তাই আন্তর্জাতিক মহলেও তৈরি হয়েছে আগ্রহ।
৩ নভেম্বরের নির্বাচনে প্রথম দিকে বর্তমান মেয়র ক্যারেন বাস এগিয়ে থাকলেও পরবর্তী দফার ভোট গণনায় ছবিটা বদলাতে শুরু করে। ভোটের ব্যবধান কমিয়ে ক্রমশ এগিয়ে যান নিথ্যা। ৫ নভেম্বরের আগে প্রকাশিত বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, ভোটের প্রাথমিক গণনায় নিথ্যা রমনের ঝুলিতে রয়েছে প্রায় ৩ লক্ষ ৭৭ হাজার ভোট, যেখানে ক্যারেন বাস পেয়েছেন প্রায় ৩ লক্ষ ৬১ হাজার ভোট। অর্থাৎ প্রায় ১৬ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এই প্রার্থী। তবে ভোট গণনা এখনও সম্পূর্ণ হয়নি। তাই চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে।
কে এই নিথ্যা রমন? ভারতীয় বংশোদ্ভূত নিথ্যা রমন লস অ্যাঞ্জেলেসের সিটি কাউন্সিলের সদস্য। ২০২০ সালে প্রথমবার কাউন্সিলর নির্বাচিত হন তিনি। শহরের আবাসন সমস্যা, গৃহহীন মানুষের পুনর্বাসন, গণপরিবহণ এবং নাগরিক পরিষেবা উন্নয়নের মতো বিষয় তাঁর রাজনৈতিক কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ।
এবারের নির্বাচনে বর্তমান মেয়র ক্যারেন বাসের বিরুদ্ধে লড়াইয়ে নেমে শহরের প্রশাসনিক ব্যবস্থায় পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন নিথ্যা। বিশেষ করে গৃহহীন মানুষের সমস্যা মোকাবিলা এবং শহরের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নকে প্রচারের অন্যতম হাতিয়ার করেছেন তিনি। অন্যদিকে, অভিজ্ঞতা ও প্রশাসনিক কাজের খতিয়ান তুলে ধরে দ্বিতীয়বার মেয়র হওয়ার চেষ্টা করছেন ক্যারেন বাস।
নিথ্যা শেষ পর্যন্ত জয়ী হলে লস অ্যাঞ্জেলেসের রাজনৈতিক ইতিহাসে তৈরি হতে পারে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ভারতীয় বংশোদ্ভূতদের আন্তর্জাতিক রাজনীতিতে ক্রমবর্ধমান উপস্থিতির তালিকায় যুক্ত হবে আরও একটি উল্লেখযোগ্য নাম। এখন গোটা বিশ্বের নজর ভোটের চূড়ান্ত ফলাফলের দিকে।










