“৮ কোটি মিশরীয়কে ছেড়ে ভারতীয় বউ কেন?” প্রশ্ন উঠলো আমেরিকার নতুন মুসলিম সেনেটর-এর দিকে!

মিশরের ৮০ মিলিয়ন মানুষের জীবনে চাঞ্চল্য! আব্দুল এল-সায়েদের পরিবারে ভারতীয় বধূর বিষয়ে নতুন তথ্য প্রকাশ। জানুন বিস্তারিত।

Share:

ব্যুরো নিউজ, ৫ নভেম্বর ২০২৬: আমেরিকার রাজনীতিতে ইতিহাস গড়েছেন আব্দুল এল-সায়েদ। আর তাঁর জয়ের পরই ব্যক্তিগত জীবনের এক মজার ঘটনা ঘিরে সরগরম সমাজমাধ্যম। ভারতীয় বংশোদ্ভূত স্ত্রীকে বিয়ে করায় একসময় মিশরীয় কাকার কাছ থেকে শুনতে হয়েছিল মজার প্রশ্ন—“৮ কোটি মিশরীয় মহিলা থাকতে শেষ পর্যন্ত একজন ভারতীয়কেই বিয়ে করলে?” কাকার সেই প্রশ্নের জবাবে আব্দুলের বুদ্ধিদীপ্ত মন্তব্য এখন ভাইরাল।

সম্প্রতি মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মিশিগানের সেনেট আসনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করেছেন ডেমোক্র্যাট নেতা আব্দুল এল-সায়েদ। এর ফলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে সেনেটে নির্বাচিত হওয়ার নজির গড়েছেন তিনি। জয়ের আনন্দে স্ত্রী ডক্টর সারা জুকাকুর সঙ্গে উদযাপনও করেছেন আব্দুল।

একটি পডকাস্টে নিজের বিয়ের প্রসঙ্গ তুলে আব্দুল জানান, ২০০৬ সালে ভারতীয় বংশোদ্ভূত সারাকে বিয়ে করার পর মিশর থেকে আসা তাঁর এক কাকা অবাক হয়ে এমন প্রশ্ন করেছিলেন। উত্তরে আব্দুল মজা করে বলেছিলেন, “কাকা, ভারতে তো ১০০ কোটিরও বেশি মানুষ! পরিসংখ্যানের হিসেবে এমনটা হওয়ার সম্ভাবনাই বেশি।”

সারার পারিবারিক শিকড় কর্ণাটকের উপকূলবর্তী ভাটকল শহরে। তাঁর বাবা ডক্টর তাইয়েব জুকাকু একজন কিডনি বিশেষজ্ঞ। সারার ঠাকুরদা জুকাকু শামসুদ্দিন তৎকালীন মহীশূর রাজ্যের সরকারের অর্থ দফতরের উপমন্ত্রী ছিলেন।

প্রায় দুই দশকের দাম্পত্য জীবনে ভারতীয় সংস্কৃতির সঙ্গে গভীরভাবে মিশে গিয়েছেন আব্দুল। এক সাক্ষাৎকারে মজার ছলেই তাঁর মন্তব্য, আরবের চেয়েও হয়তো তিনি এখন বেশি ভারতীয়!

রাজনৈতিক সাফল্যের পাশাপাশি ভারতীয় পরিবারের সঙ্গে তাঁর এই মিষ্টি সম্পর্ক এখন আন্তর্জাতিক মহলেও চর্চার বিষয়।

সম্পর্কিত খবর