ব্যুরো নিউজ, ৫ নভেম্বর ২০২৬: সন্তানকে ভালো রাখতে সাধ্যের বাইরে গিয়েও খরচ করেন বাবা-মায়েরা। কিন্তু চিনে দেখা যাচ্ছে একেবারে উল্টো ছবি! সন্তানদের আরাম-আয়েশের জীবন থেকে কিছু দিনের জন্য দূরে সরিয়ে রাখতে হাজার হাজার টাকা খরচ করে তাঁদের পাঠানো হচ্ছে প্রত্যন্ত গ্রামের ‘হার্ডশিপ ক্যাম্পে’। উদ্দেশ্য একটাই—ছোট থেকেই পরিশ্রমের মূল্য বোঝানো এবং কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করার মানসিকতা তৈরি করা।
এই ক্যাম্পগুলিতে সাধারণ সামার ক্যাম্পের মতো খেলাধুলো বা বিনোদনের ব্যবস্থা নেই। বরং সকাল সকাল ঘুম থেকে উঠে শুরু হয় কাজের পালা। কখনও জমিতে কোদাল চালানো, কখনও কাঠ কাটা, পশুপালন, গোয়ালঘর পরিষ্কার কিংবা রান্নার জন্য জ্বালানি সংগ্রহ—সবই করতে হয় শিশুদের। মোবাইল ফোন ও ইন্টারনেট থেকেও দূরে রাখা হয় তাদের। চিনের সিচুয়ান, ইউনান ও গুইঝৌ প্রদেশের গ্রামীণ এলাকায় এমন ক্যাম্পের জনপ্রিয়তা বাড়ছে।
খরচও নেহাত কম নয়। ১০ দিনের ক্যাম্পের জন্য প্রায় ৪,০০০ থেকে ৫,০০০ ইউয়ান, অর্থাৎ ভারতীয় মুদ্রায় আনুমানিক ৫৭ হাজার থেকে ৬৫ হাজার টাকা পর্যন্ত দিতে হচ্ছে অভিভাবকদের। কোনও কোনও ক্যাম্পে কাজের বিনিময়ে পয়েন্ট জমে, যা দিয়ে প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে পারে শিশুরা।
তবে এই উদ্যোগ নিয়ে চিনের সমাজমাধ্যমে বিতর্কও তৈরি হয়েছে। কেউ মনে করছেন, এতে শিশুরা পরিশ্রম ও দায়িত্ববোধ শিখছে। আবার অনেকের প্রশ্ন, শিশুদের দিয়ে অতিরিক্ত শারীরিক পরিশ্রম করানো কি আদৌ ঠিক?
মনোবিদদের সতর্কবার্তা, কষ্ট সহ্য করলেই মানসিক দৃঢ়তা তৈরি হয় না। বয়স অনুযায়ী চ্যালেঞ্জ, নিরাপত্তা এবং বড়দের সহায়তা জরুরি। জোর করে কষ্ট চাপিয়ে দিলে আত্মবিশ্বাসের বদলে ভয় ও অবিশ্বাস তৈরি হতে পারে। তাই সন্তানকে স্বাবলম্বী করার এই অভিনব পদ্ধতি শেষ পর্যন্ত কতটা কার্যকর, তা নিয়েই এখন প্রশ্ন।








