বছরে প্রায় ১ লক্ষ ৯০ হাজার মানুষ ক্যানসারে আক্রান্ত! কারণ কি?

ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ সংক্রমণের কারণে ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। ল্যানসেট-এর গবেষণা বলছে, এইচপিভি, হেলিকোব্যাক্টার পাইলোরি, হেপাটাইটিস বি ও সি প্রধান কারণ।

Share:

ব্যুরো নিউজ, ৫ নভেম্বর ২০২৬: ক্যানসার মানেই কি শুধু তামাক, মদ্যপান কিংবা অস্বাস্থ্যকর জীবনযাপন? সাম্প্রতিক এক আন্তর্জাতিক গবেষণা সামনে আনল আরও একটি উদ্বেগজনক কারণ। শরীরে দীর্ঘদিন ধরে বাসা বাঁধা কিছু ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকেও হতে পারে মারণরোগ ক্যানসার। দ্য ল্যানসেট অনকোলজি পত্রিকায় প্রকাশিত গবেষণা অনুযায়ী, ২০২৪ সালে ভারতে প্রায় ১ লক্ষ ৯০ হাজার নতুন ক্যানসারের ঘটনা বিভিন্ন সংক্রমণের সঙ্গে সম্পর্কিত ছিল। অর্থাৎ, দেশের মোট নতুন ক্যানসার আক্রান্তের প্রায় ১২ শতাংশের নেপথ্যে রয়েছে সংক্রমণ।

গবেষণায় দেখা গিয়েছে, ভারতে সংক্রমণজনিত ক্যানসারের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা হিউম্যান প্যাপিলোমাভাইরাস (HPV)-এর। এই ভাইরাসের সঙ্গে এক লক্ষেরও বেশি ক্যানসার আক্রান্তের যোগসূত্র পাওয়া গিয়েছে। বিশেষত জরায়ুমুখের ক্যানসারের অন্যতম প্রধান কারণ এইচপিভি।

এর পরেই রয়েছে হেলিকোব্যাক্টার পাইলোরি (H. pylori)। পাকস্থলীতে দীর্ঘস্থায়ী সংক্রমণ তৈরি করতে পারে এই ব্যাকটেরিয়া। গবেষণা অনুযায়ী, ভারতে প্রায় ৪৭ হাজার ক্যানসার আক্রান্তের সঙ্গে এর সম্পর্ক রয়েছে। এছাড়া এপস্টাইন-বার ভাইরাসের সঙ্গে প্রায় ২২ হাজার, হেপাটাইটিস বি-র সঙ্গে ১০ হাজার এবং হেপাটাইটিস সি-র সঙ্গে প্রায় ৫,৩০০ ক্যানসার আক্রান্তের যোগসূত্র পাওয়া গিয়েছে।

শুধু ভারত নয়, বিশ্বজুড়েও ছবিটা উদ্বেগজনক। গবেষণায় ২০২৪ সালে প্রায় ২৩ লক্ষ নতুন ক্যানসারের ঘটনা সংক্রমণের সঙ্গে সম্পর্কিত বলে অনুমান করা হয়েছে।

তবে আশার কথা, এই ধরনের ক্যানসারের অনেকগুলিই প্রতিরোধ করা সম্ভব। বিশেষজ্ঞদের মতে, এইচপিভি ও হেপাটাইটিস বি-র টিকাকরণ, সময়মতো স্বাস্থ্য পরীক্ষা, সংক্রমণের চিকিৎসা এবং নিয়মিত স্ক্রিনিং ক্যানসারের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।