ফের বাড়ল SRFTI বন্ধের মেয়াদ! হস্টেল ছাড়ার নির্দেশে চরম অনিশ্চয়তায় পড়ুয়ারা

SRFTI বন্ধের সময়সীমা বাড়ল। আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং পড়ুয়াদের হস্টেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বহিরাগতদের সংঘর্ষের জেরে এই সিদ্ধান্ত।

Share:

ব্যুরো নিউজ, ৫ নভেম্বর ২০২৬: সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (SRFTI)-এর দরজা আপাতত বন্ধই থাকছে। আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত এই প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পঠন-পাঠন সহ সমস্ত ধরনের কাজকর্ম স্থগিত রাখা হয়েছে। ইতিমধ্যেই সকল পড়ুয়াকে হস্টেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। সম্প্রতি বহিরাগত ছাত্রদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় SRFTI বারবার খবরের শিরোনামে এসেছে।

গত ২৭ সেপ্টেম্বর ক্যাম্পাসের ভিতরে শিক্ষার্থীদের সঙ্গে অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের সদস্যদের একটি সংঘর্ষের জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়। এরপর থেকেই শিক্ষার্থীরা বহিরাগতদের প্রবেশ বন্ধের দাবিতে সরব হন এবং ক্লাস বয়কট শুরু করেন। ৪ অক্টোবর ক্যাম্পাসের বাইরে অন্য একটি হিন্দুত্ববাদী সংগঠনের বিক্ষোভের পর পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। এই ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা উপাচার্যের অপসারণের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন। এর জেরে গত ১৩ নভেম্বর পর্যন্ত পঠন-পাঠন স্থগিত রাখা হয়েছিল।

সেই সময় হোস্টেলে থাকা শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার মধ্যে ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল এবং মেস পরিষেবাও বন্ধ রাখা হয়েছিল। উপাচার্য এবং অন্যান্য আধিকারিকদের উপর শারীরিক নিগ্রহ, উপাচার্যের কার্যালয় ভাঙচুর এবং ক্যাম্পাসের দেওয়ালে আপত্তিকর দেওয়াল লিখন বা গ্রাফিতি আঁকার অভিযোগও ওঠে বহিষ্কৃত ছাত্রদের বিরুদ্ধে। এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতেই প্রতিষ্ঠানটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।