আমেরিকার কংগ্রেসে জয়জয়কার ভারতের! অ্যারিজোনায় ইতিহাস গড়লেন চিকিৎসক অমিশ শাহ

আমেরিকার রাজনীতিতে আমিশ শাহের ঐতিহাসিক জয়! অ্যারিজোনাতে জিতে মার্কিন হাউসে ষষ্ঠ ভারতীয়-আমেরিকান প্রতিনিধি নির্বাচিত হলেন তিনি।

Share:

ব্যুরো নিউজ, ৫ নভেম্বর ২০২৬: মার্কিন রাজনীতিতে আরও এক গুরুত্বপূর্ণ অধ্যায় লিখলেন ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক অমিশ শাহ। অ্যারিজোনার প্রথম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে জয় দাবি করেছেন ডেমোক্র্যাট প্রার্থী শাহ। তাঁর এই সাফল্যের ফলে মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসে নির্বাচিত ভারতীয়-আমেরিকান প্রতিনিধির সংখ্যা বেড়ে দাঁড়াল ছয়ে। একই সঙ্গে অ্যারিজোনা থেকে প্রথম ভারতীয়-আমেরিকান হিসেবে কংগ্রেসে প্রতিনিধিত্ব করার নজির গড়লেন তিনি।

৪৮ বছর বয়সি অমিশ শাহের প্রতিদ্বন্দ্বী ছিলেন রিপাবলিকান প্রার্থী জে ফিলি। প্রাক্তন NFL খেলোয়াড় ফিলিকে সমর্থন জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে শাহ পেয়েছেন প্রায় ৫২.৪৯ শতাংশ ভোট, অন্যদিকে ফিলির ঝুলিতে গিয়েছে ৪৫.৪৫ শতাংশ ভোট। নির্বাচনী বিশ্লেষক সংস্থা Decision Desk HQ বুধবার রাতে এই আসনে শাহের জয় ঘোষণা করে।

রাজনীতিতে আসার আগে জরুরি চিকিৎসক হিসেবে কাজ করেছেন শাহ। পাশাপাশি অ্যারিজোনা স্টেট হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ২০১৮, ২০২০ ও ২০২২ সালে টানা তিনবার নির্বাচিত হয়েছিলেন তিনি। শিকাগোতে গুজরাটি অভিবাসী পরিবারে জন্ম তাঁর। উচ্চশিক্ষা ও চিকিৎসাবিদ্যার পাঠ শেষে জনস্বাস্থ্য নিয়েও পড়াশোনা করেছেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলেতে।

নির্বাচনী প্রচারে সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার খরচ কমানো, স্বাস্থ্যবিমার সুযোগ বাড়ানো, জলসংকট মোকাবিলা এবং অর্থনৈতিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন শাহ। প্রচারে তিনি ২৮ হাজারেরও বেশি বাড়িতে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেছেন বলেও জানিয়েছে ভারতীয়-আমেরিকান সংগঠন Indian American Impact।

শাহের এই জয় শুধু অ্যারিজোনার রাজনীতিতেই নয়, মার্কিন মুলুকে ভারতীয় বংশোদ্ভূতদের রাজনৈতিক প্রতিনিধিত্বের ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ। রিপাবলিকান-অধ্যুষিত একটি আসন ডেমোক্র্যাটদের দখলে এনে নিজের রাজনৈতিক গুরুত্বও প্রতিষ্ঠা করলেন তিনি।