বন্ডাই বিচে বন্দুকবাজের হামলার ক্ষত কেড়ে নিল আরও এক প্রাণ! হাসপাতালে শেষ নিঃশ্বাস ৯০ বছরের ইভা গেলারের

সিডনিতে বন্ডি বিচ হামলার প্রায় এক বছর পর ৯০ বছর বয়সী এভা গেলারের মৃত্যু। হলোকাস্ট থেকে বেঁচে ফেরা এই বৃদ্ধার মৃত্যুতে শোকস্তব্ধ অস্ট্রেলিয়া।

Share:

ব্যুরো নিউজ, ৬ নভেম্বর ২০২৬: মৃত্যুর মুখ থেকে একবার বেঁচে ফিরেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পারলেন না। অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে ভয়াবহ বন্দুকবাজের হামলায় গুলিবিদ্ধ হওয়ার প্রায় এক বছর পর মৃত্যু হল ৯০ বছর বয়সি ইভা গেলারের। সিডনির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে ফের শোকের ছায়া নেমে এসেছে অস্ট্রেলিয়ায়।

২০২৫ সালের ১৪ ডিসেম্বর বন্ডাই বিচে একটি ইহুদি ধর্মীয় অনুষ্ঠানে আচমকাই গুলি চালায় দুই বন্দুকবাজ। মুহূর্তের মধ্যে রক্তাক্ত হয়ে ওঠে গোটা এলাকা। ওই হামলায় ১০ বছরের এক শিশুকন্যাসহ ১৫ জনের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও বহু মানুষ। তাঁদের মধ্যেই ছিলেন ইভা গেলার।

শৈশবে হলোকাস্টের ভয়াবহতা থেকে পালিয়ে বেঁচেছিলেন ইভা। পরবর্তীকালে অস্ট্রেলিয়ায় এসে নতুন জীবন শুরু করেন তিনি। নেফেশ সিনাগগের রাব্বি অ্যারন মস জানিয়েছেন, জীবনের শেষ দিন পর্যন্ত ইভা ইতিবাচক, ভালোবাসাপূর্ণ এবং মানসিকভাবে দৃঢ় ছিলেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। গত বছরের হামলার যন্ত্রণা এখনও যাঁরা বয়ে বেড়াচ্ছেন, তাঁদের কথা দেশ কখনও ভুলবে না বলেও জানিয়েছেন তিনি।

এই হামলায় অভিযুক্ত দুই বন্দুকবাজের মধ্যে ৫০ বছর বয়সি সাজিদ আক্রম ঘটনাস্থলেই পুলিশের গুলিতে নিহত হয়। তাঁর ছেলে নাভিদ আক্রমের বিরুদ্ধে ১৫টি খুন, ৪০টি খুনের চেষ্টা এবং সন্ত্রাসবাদী কার্যকলাপের অভিযোগ আনা হয়েছে। বর্তমানে বিচারপ্রক্রিয়া চলছে।

ইভার মৃত্যুর পর তাঁর ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে অতিরিক্ত কোনও অভিযোগ আনা হবে কি না, সে বিষয়ে এখনও বিস্তারিত জানায়নি পুলিশ।