সাগরপাড়ায় ৪ বছরের শিশুকন্যাকে পিটিয়ে খুনের অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে, ফাঁসির দাবিতে বিক্ষোভে উত্তাল এলাকা!

মুর্শিদাবাদের সাগরপাড়ায় ৪ বছরের শিশুকন্যাকে পিটিয়ে খুনের অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে। অভিযুক্তকে আটক করেছে পুলিশ। ফাঁসির দাবিতে উত্তাল এলাকা।

Share:

ব্যুরো নিউজ, ৭ নভেম্বর ২০২৬: মুর্শিদাবাদের সাগরপাড়া থানার কাটাবাড়ি সরকারপাড়া এলাকায় এক মর্মান্তিক ঘটনায় চার বছরের এক শিশুকন্যাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তার সৎ মায়ের বিরুদ্ধে। মৃত শিশুটির নাম ফারজানা খাতুন। এই ঘটনায় অভিযুক্ত সৎ মা মৌসুমী খাতুনকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, শিশুটির বাবা কর্মসূত্রে কেরলে থাকেন এবং তিন বছর আগে তার নিজের মা অন্যত্র সংসার পাতায় ফারজানা সৎ মায়ের কাছেই থাকত।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ফারজানার ওপর অকথ্য শারীরিক ও মানসিক অত্যাচার চালাত মৌসুমী খাতুন। ঠিকমতো খেতে দিত না, স্কুলে যেতে দিত না। শনিবার সকালে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সাগরপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এই ঘটনায় মৃত শিশুর আত্মীয় ও প্রতিবেশীরা ক্ষোভে ফেটে পড়েছেন। অভিযুক্ত মৌসুমী খাতুনের ফাঁসির দাবি জানিয়েছেন তারা। এক আত্মীয় জানান, ‘সৎ মা রোজ বাচ্চাটাকে মারধর করত, খেতে দিত না। আমরা প্রতিবাদ করলে ঝগড়া করত।’

তিনি আরও জানান, ‘বাচ্চার গায়ে একাধিক আঘাতের চিহ্ন ছিল। ওর বাবা সব জেনেও আসেনি।’ পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই নৃশংস ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

সম্পর্কিত খবর