বোমাতঙ্কেও দমলেন না দিলজিৎ! ‘১৫ নভেম্বর ইন্দোরে আসবই’, হুমকির মুখে কনসার্ট বাতিল করতে নারাজ পাঞ্জাবি গায়ক

ইন্দোরে দিলজিৎ দোসাঞ্জ-এর কনসার্টে বোমা হামলার হুমকি। তবে গায়ক অনড়, ১৫ নভেম্বরের অনুষ্ঠানে পারফর্ম করবেন। নিরাপত্তা ব্যবস্থা জোরদার।

Share:

ব্যুরো নিউজ, ৭ নভেম্বর ২০২৬: বোমা হামলার হুমকি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ, গান পরিবেশনে নিষেধাজ্ঞা—এত বিতর্কের মধ্যেও নিজের সিদ্ধান্তে অনড় পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জ! আগামী ১৫ নভেম্বর ইন্দোরে নির্ধারিত কনসার্টে তিনি যে উপস্থিত থাকবেন, তা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন গায়ক। তাঁর এই ঘোষণায় স্বস্তি ফিরেছে অনুরাগীদের মধ্যে।

সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিও বার্তায় দিলজিৎ বলেন, ১৫ নভেম্বর তিনি ইন্দোরে যাবেন এবং সেখানে পৌঁছে প্রথমেই স্থানীয় জনপ্রিয় খাবার ‘পোহা’ খাবেন। কনসার্ট ঘিরে সম্ভাব্য বিপদের প্রসঙ্গ তুলে তিনি জানান, পরিস্থিতি সামাল দেওয়ার মতো প্রস্তুতি তাঁদের রয়েছে। তাঁর আত্মবিশ্বাসী মন্তব্য, “যে যা-ই বলুক, ইন্দোরে দেখা হচ্ছে!”

উল্লেখ্য, দিলজিতের আসন্ন কনসার্ট ঘিরে সম্প্রতি ইন্দোরের তিনটি বেসরকারি স্কুল এবং মেয়রের দফতরে বোমা হামলার হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়েছিল। ১৫ নভেম্বরের অনুষ্ঠানে বিস্ফোরণের আশঙ্কার কথাও উল্লেখ করা হয় সেই বার্তায়। এরপরই তল্লাশিতে নামে বোমা নিষ্ক্রিয়কারী দল। তবে স্কুলগুলিতে কোনও বিস্ফোরক পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে হুমকিগুলি ভুয়ো হতে পারে বলে মনে করছে পুলিশ। ইমেলের প্রেরকদের শনাক্ত করতে চলছে সাইবার তদন্ত।

এদিকে, কনসার্টে চারটি গান পরিবেশন না করার নির্দেশও দেওয়া হয়েছে আয়োজকদের। গানগুলির মধ্যে রয়েছে ‘পাতিয়ালা পেগ’, ‘৫ তারা থিকে’, ‘জিব ভিচো লাব্বিয়া’ এবং ‘জাট উথে ফায়ার কারদা’।

দিলজিতের ‘অরা ইন্ডিয়া ট্যুর ২০২৬’-এর অংশ এই অনুষ্ঠান। সব বিতর্ক পেরিয়ে ১৫ নভেম্বর মঞ্চে উঠে তিনি অনুরাগীদের মন জয় করতে পারেন কি না, এখন সেদিকেই তাকিয়ে সঙ্গীতপ্রেমীরা।