ব্যুরো নিউজ, ৭ নভেম্বর ২০২৬: দীর্ঘ যাত্রায় এবার বড় স্বস্তি যাত্রীদের! আমেরিকাগামী আন্তর্জাতিক বিমান পরিষেবায় বড়সড় পরিবর্তন আনল এয়ার ইন্ডিয়া। ইরাকের আকাশসীমা ব্যবহার করে নিউ ইয়র্ক ও নিউয়ার্কগামী বিমান চালানো শুরু করেছে টাটা গোষ্ঠীর মালিকানাধীন বিমান সংস্থাটি। এর ফলে একদিকে যেমন যাত্রার সময় প্রায় চার ঘণ্টা কমবে, অন্যদিকে জ্বালানি খরচও প্রায় ১০ শতাংশ সাশ্রয় হওয়ার সম্ভাবনা রয়েছে।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহ থেকেই নতুন রুটে বিমান চলাচল শুরু হয়েছে। আগে পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকা এবং পশ্চিম এশিয়ার ভূরাজনৈতিক অস্থিরতার কারণে দীর্ঘ পথ ব্যবহার করতে হচ্ছিল এয়ার ইন্ডিয়াকে। জর্ডন ও মিশরের উপর দিয়ে ঘুরপথে যাওয়ার পাশাপাশি রোমে জ্বালানি ভরার জন্য বিরতি নিতে হচ্ছিল বিমানগুলিকে। ফলে প্রায় ২০ ঘণ্টার যাত্রা এখন কমে দাঁড়িয়েছে প্রায় ১৬ ঘণ্টায়।
বর্তমানে দিল্লি ও মুম্বই থেকে নিউ ইয়র্ক এবং নিউয়ার্কের উদ্দেশে প্রতিদিন বিমান চালায় সংস্থাটি। সাধারণত এই রুটে বোয়িং ৭৭৭ বিমান ব্যবহার করা হয়। কোনও কোনও ক্ষেত্রে নিউ ইয়র্ক রুটে এয়ারবাস এ৩৫০-ও চালানো হয়।
শুধু জ্বালানি খরচ নয়, যাত্রার সময় কমায় বিমানকর্মীদের ডিউটি সংক্রান্ত চাপও কমবে। Flight Duty Time Limitations (FDTL) মেনে কর্মী নিয়োগের ক্ষেত্রেও বাড়বে নমনীয়তা।
তবে পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং বিভিন্ন দেশের আকাশসীমার নিরাপত্তা বিবেচনা করেই ভবিষ্যতে রুট নির্ধারণ করবে সংস্থা। আন্তর্জাতিক বিমান পরিষেবায় এই পরিবর্তন এয়ার ইন্ডিয়ার পরিচালন ব্যয় কমানোর পাশাপাশি যাত্রীদের দীর্ঘ যাত্রায় স্বস্তি দিতে পারে।









