ব্যুরো নিউজ, ৮ নভেম্বর ২০২৬: কালীপুজোয় শহরবাসীর সুবিধার কথা মাথায় রেখে বিশেষ মেট্রো পরিষেবা চালু করছে কলকাতা মেট্রো। আগামী রবিবার, ৮ নভেম্বর, ব্লু, গ্রিন এবং ইয়েলো লাইনে অতিরিক্ত মেট্রো চলবে। দক্ষিণেশ্বর ও কালীঘাট মন্দিরে ভক্তদের যাতায়াত সহজ করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ছুটির দিনেও মেট্রোর সংখ্যা বাড়ানো হয়েছে এবং শেষ মেট্রো ছাড়ার সময়ও বাড়ানো হয়েছে।
ব্লু লাইনে মোট ১৫২টি মেট্রো চলবে, যার মধ্যে আপ ও ডাউন লাইনে ৭৬টি করে পরিষেবা থাকবে। নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টা ৫৪ মিনিটে। দুই প্রান্ত থেকেই শেষ মেট্রো রাত ১১টা পর্যন্ত চলবে। গ্রিন লাইনে মোট ১২৩টি মেট্রো চলবে, যা সাধারণ দিনের চেয়ে ১২টি বেশি। হাওড়া ময়দান ও সল্টলেক সেক্টর ফাইভ থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায় এবং শেষ মেট্রো রাত ১১টায়। ইয়েলো লাইনে মোট ৭৮টি মেট্রো চলবে, আপ ও ডাউন লাইনে ৩৯টি করে। তবে এই লাইনে পরিষেবার সময়সূচীতে কোনও পরিবর্তন হচ্ছে না।
নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দরগামী প্রথম মেট্রো সকাল ৯টা ১৮ মিনিটে এবং শেষ মেট্রো রাত ৯টায় ছাড়বে। বেগুনি ও অরেঞ্জ লাইনে মেট্রো চলাচল বন্ধ থাকবে। এই বিশেষ ব্যবস্থা পুণ্যার্থী ও সাধারণ যাত্রীদের যাতায়াত আরও মসৃণ করবে বলে আশা করা হচ্ছে।










