জলবায়ু সুরক্ষায় ১২০ বিলিয়ন ডলারের প্রস্তাব! ২০৩৫-এ বড় লক্ষ্যমাত্রা COP31-এর

COP31 সম্মেলনে ২০৩৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর জন্য বার্ষিক অন্তত ১২০ বিলিয়ন ডলার অভিযোজন অর্থায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

Share:

ব্যুরো নিউজ, ১৭ নভেম্বর ২০২৬: জলবায়ু পরিবর্তনের বিপর্যয় মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলির পাশে দাঁড়াতে বছরে অন্তত ১২০ বিলিয়ন ডলার অর্থসাহায্যের প্রস্তাব দিল COP31-এর প্রেসিডেন্সি। ২০৩৫ সালের মধ্যে জলবায়ু অভিযোজন খাতে এই বিপুল অর্থ জোগানের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করা, পুনর্নবীকরণযোগ্য শক্তির প্রসার এবং জলবায়ু বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলিকে আর্থিক সহায়তা দেওয়ার উপরেও জোর দেওয়া হয়েছে।

১৬ নভেম্বর প্রকাশিত খসড়া প্রস্তাবে বলা হয়েছে, উন্নয়নশীল দেশগুলির ২০৩৫ সালে বার্ষিক জলবায়ু অভিযোজনের জন্য প্রয়োজন হতে পারে প্রায় ৩০৫ বিলিয়ন ডলার। অথচ ২০২৪ সালে আন্তর্জাতিক সরকারি অর্থসাহায্যের পরিমাণ ছিল মাত্র ২৮.২ থেকে ৩১.৭ বিলিয়ন ডলার। ফলে প্রস্তাবিত ১২০ বিলিয়ন ডলারও প্রয়োজনীয় অর্থের তুলনায় যথেষ্ট কম।

খসড়ায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের পাশাপাশি ২০৩০ সালের মধ্যে বিশ্বে পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎপাদনক্ষমতা তিন গুণ করার প্রস্তাব রয়েছে। ২০৩৫ সালের মধ্যে মোট শক্তি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে নিয়ে যাওয়ার লক্ষ্যও রাখা হয়েছে।

তবে কৃষি ও খাদ্যব্যবস্থায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নির্দিষ্ট পরিকল্পনা না থাকায় সমালোচনা তৈরি হয়েছে। শ্রমিকদের অংশগ্রহণ, ন্যায্য কর্মসংস্থান এবং ক্ষতিগ্রস্ত দেশগুলির জন্য সহজলভ্য অনুদানভিত্তিক অর্থসাহায্যের দাবিও উঠেছে।

উল্লেখ্য, এই প্রস্তাব এখনও আলোচনার খসড়া। সদস্য দেশগুলির সম্মতি ছাড়া এটি চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে কার্যকর হবে না। আগামী ২০ নভেম্বর সম্মেলন শেষ হওয়ার আগে জলবায়ু অর্থায়ন ও জীবাশ্ম জ্বালানি নিয়ে ঐকমত্য তৈরি করাই এখন প্রধান চ্যালেঞ্জ।