ব্যুরো নিউজ, ১৭ নভেম্বর ২০২৬: দিল্লিতে ফের বসতে চলেছে দেশের অন্যতম বৃহৎ বাণিজ্য ও প্রদর্শনীর আসর—৪৫তম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার (IITF) ২০২৬। আগামী ১৪ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত নয়, মোট ১৪ দিন ধরে এই মেলা চলবে নয়াদিল্লির ভারত মণ্ডপমে। এবারের থিম ‘বিকাশ অউর বিরাসত’—অর্থাৎ উন্নয়ন ও ঐতিহ্যের মেলবন্ধন।
তবে সাধারণ দর্শকদের জন্য এখনই মেলার দরজা খুলছে না। ১৪ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত প্রথম পাঁচ দিন শুধুমাত্র ব্যবসায়িক প্রতিনিধিদের জন্য নির্দিষ্ট। সাধারণ দর্শকরা মেলায় প্রবেশ করতে পারবেন ১৯ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত মেলা চলবে। সাধারণ দর্শকদের শেষ প্রবেশের সময় বিকেল ৫টা ৩০ মিনিট।
কত টাকা টিকিট?
সপ্তাহের কর্মদিবসে প্রাপ্তবয়স্কদের টিকিটের দাম ১০০ টাকা এবং সপ্তাহান্তে ২০০ টাকা। শিশুদের ক্ষেত্রে এই দাম যথাক্রমে ৫০ ও ১০০ টাকা। বৈধ সরকারি পরিচয়পত্র দেখালে প্রবীণ নাগরিক এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা সাধারণ দর্শকদের দিনগুলিতে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।
কী কী থাকছে মেলায়?
এবার ১৭টি প্রদর্শনী হলে দেশ-বিদেশের ৩,৫০০-রও বেশি প্রদর্শক অংশ নিচ্ছেন। থাকছে বিভিন্ন রাজ্যের হস্তশিল্প, ঐতিহ্যবাহী পণ্য, খাবার, আন্তর্জাতিক প্যাভিলিয়ন, স্টার্ট-আপের উদ্ভাবন এবং প্রযুক্তির প্রদর্শনী। পাশাপাশি সাতটি মঞ্চে আয়োজন করা হবে ৮৭টি সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনলাইনে টিকিট কাটতে পারবেন IITF-এর সরকারি বুকিং ওয়েবসাইটে। দিল্লি মেট্রোর ৫৫টি নির্দিষ্ট স্টেশন থেকেও টিকিট কেনার সুযোগ রয়েছে। মেলার নিকটতম মেট্রো স্টেশন সুপ্রিম কোর্ট, ব্লু লাইন।









