খুলনায় অশান্তির আগুন! ট্রেনে অগ্নিকাণ্ড, বিএনপি অফিসে আগুন, কৃষক দলের সভায় ছোড়া হল বোমা!

খুলনায় বিএনপি কার্যালয়ে আগুন, ট্রেনে বোমা ও অগ্নিসংযোগের চেষ্টা। ২৪ ঘণ্টায় একাধিক নাশকতায় উত্তপ্ত পরিস্থিতি, তদন্তে পুলিশ।

Share:

ব্যুরো নিউজ, ১০ নভেম্বর ২০২৬: বাংলাদেশের খুলনায় মাত্র ২০ ঘণ্টার ব্যবধানে একের পর এক হিংসাত্মক ঘটনায় ছড়াল চাঞ্চল্য! কোথাও দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন, কোথাও বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, আবার কোথাও কৃষক দলের বৈঠক লক্ষ্য করে ছোড়া হল ককটেল বোমা। পরপর তিনটি ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে।

ঢাকা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার ভোর প্রায় ৩টে ৪০ মিনিটে খুলনা রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা নকশিকাঁথা এক্সপ্রেসের একটি কামরার আসনে আগুন লাগে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হলেও একটি আসন ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিকভাবে মশার কয়েল থেকে আগুন লাগার সম্ভাবনার কথা জানিয়েছেন স্টেশন মাস্টার। ক্ষতিগ্রস্ত কামরা বদলে সকাল ১১টায় ট্রেনটি গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।

অন্যদিকে, সোমবার রাত ৮টা নাগাদ দৌলতপুরে কৃষক দলের নেতাদের একটি বৈঠকে লক্ষ্য করে ছোড়া হয় একটি ককটেল বোমা। তবে সেটি বিস্ফোরিত হয়নি। ফলে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে।

এদিকে মঙ্গলবার ভোরে বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নে বিএনপির একটি কার্যালয়ের বাইরে থাকা ব্যানারে আগুন ধরিয়ে পালিয়ে যায় মোটরবাইকে আসা দুই মুখোশধারী যুবক।

তিনটি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।