ব্যুরো নিউজ, ১০ নভেম্বর ২০২৬: বিমানবন্দরের প্রধান ফটকের পাশেই ফুলের বাগানে লুকানো জোড়া গ্রেনেডসদৃশ বস্তু! মঙ্গলবার সকালে এমনই চাঞ্চল্যকর ঘটনায় তীব্র আতঙ্ক ছড়াল বাংলাদেশের রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে। পরিস্থিতির গুরুত্ব বুঝে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় বিমানবন্দরের মূল প্রবেশপথ। এমনকি নিরাপত্তার স্বার্থে পিছনের গেট দিয়ে বের করে নিয়ে যাওয়া হয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে।
ঢাকা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকাল ১১টা নাগাদ বিমানবন্দরের প্রধান ফটকের বাঁদিকে ফুলের বাগানের মধ্যে দুটি সন্দেহজনক বস্তু দেখতে পান এক পথচারী। সঙ্গে সঙ্গে তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়েই পুলিশ ও বিমানবন্দর কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা জোরদার করে।
যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে মূল গেট বন্ধ করে বিকল্প হিসেবে মসজিদ গেট খুলে দেওয়া হয়। অন্যদিকে, ঘটনার সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ছিলেন মন্ত্রী টুকু। তাঁকে পরিস্থিতির কথা জানিয়ে পিছনের গেট দিয়ে নিরাপদে বের করে আনা হয়। পরে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা দেন তিনি।
পরবর্তীতে পবা উপজেলার পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা বস্তু দুটিকে নিষ্ক্রিয় করেন। তবে সেগুলি আসলে কী ধরনের বস্তু এবং কারা সেখানে রেখেছিল, তা এখনও নিশ্চিত নয়। ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।









