GST ব্যবস্থায় বড় বদল! ৭০ লক্ষ করদাতার জন্য নতুন নিয়ম

সিবিআইসি প্রধান জানালেন, কেন্দ্রীয় জিএসটি করদাতাদের জন্য কেন্দ্রীয় মূল্যায়ন ব্যবস্থার খসড়া কাঠামো এখনই নয়। বিস্তারিত আলোচনা ও বিশ্লেষণের প্রয়োজন।

Share:

ব্যুরো নিউজ, ১৮ নভেম্বর ২০২৬: জিএসটি ব্যবস্থায় আসতে চলেছে বড়সড় পরিবর্তন! দেশের প্রায় ৭০ লক্ষ কেন্দ্রীয় জিএসটি (CGST) করদাতার জন্য ফেসলেস অ্যাসেসমেন্ট এবং কেন্দ্রীয় প্রশাসনিক ব্যবস্থা চালুর প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র। তবে এখনই এই ব্যবস্থার খসড়া প্রকাশ করতে চাইছে না কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ড (CBIC)। সংস্থার চেয়ারম্যান বিবেক চতুর্বেদী জানিয়েছেন, প্রস্তাবিত কাঠামো নিয়ে শীঘ্রই শিল্পমহল ও সংশ্লিষ্ট পক্ষগুলির মতামত নেওয়া হবে।

নতুন ব্যবস্থায় বড় ব্যবসায়ী ও ছোট করদাতাদের জন্য থাকবে পৃথক ব্যবস্থা। একাধিক রাজ্যে বা একই রাজ্যে একাধিক GSTIN থাকা বড় সংস্থাগুলি কেন্দ্রীয় প্রশাসনিক ব্যবস্থার আওতায় আসতে পারে। এর ফলে রেজিস্ট্রেশন, রিটার্ন যাচাই, কর সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি, পর্যালোচনা এবং আপিলের মতো কাজের জন্য একটি নির্দিষ্ট কেন্দ্রীয় দফতরের সাহায্য পাওয়া যাবে।

অন্যদিকে, ছোট ব্যবসায়ী ও সাধারণ করদাতাদের জন্য চালু হতে পারে ফেসলেস পরিষেবা। অর্থাৎ কর সংক্রান্ত কাজের জন্য বারবার সরকারি দফতরে যাওয়ার প্রয়োজন কমবে।

প্রস্তাবিত এই ব্যবস্থায় প্রায় ২ লক্ষ একাধিক GSTIN-যুক্ত করদাতা বিশেষভাবে উপকৃত হতে পারেন। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ১ এপ্রিল থেকে নতুন ব্যবস্থা কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।

সরকারের লক্ষ্য, কর ব্যবস্থাকে আরও সহজ, স্বচ্ছ ও ব্যবসাবান্ধব করে তোলা।