ধনীদের উপর কর বাড়াতেই ভাঙনের মুখে ডাচ সরকার! একটি প্রস্তাবেই তোলপাড় নেদারল্যান্ডস

নেদারল্যান্ডসের সরকার এক কর প্রস্তাব নিয়ে ভেঙে পড়ার মুখে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অতিরিক্ত কর আরোপের প্রস্তাব নিয়েই যত বিতর্ক।

Share:

ব্যুরো নিউজ, ১৩ নভেম্বর ২০২৬: ধনীদের উপর কর বাড়ানোর প্রস্তাব ঘিরেই বড়সড় রাজনৈতিক সংকটে নেদারল্যান্ডস! ২০২৭ সালের কর পরিকল্পনা নিয়ে শাসক জোটের তিন শরিক দলের মধ্যে শুরু হয়েছে তীব্র মতবিরোধ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রধানমন্ত্রী রব জেটেনের সরকারই ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিতর্কের কেন্দ্রে রয়েছে ‘মিলিয়নেয়ার্স ট্যাক্স’। প্রস্তাব অনুযায়ী, বছরে ৬০ হাজার ইউরোর বেশি সম্পদ থেকে পাওয়া আয়ের উপর করের হার বাড়িয়ে ৩৮.৫ শতাংশ করার কথা বলা হয়েছে। এই পরিকল্পনা থেকে প্রায় ১০০ কোটি ইউরো অতিরিক্ত রাজস্ব সংগ্রহের লক্ষ্য রয়েছে। সেই অর্থের বড় অংশ দিয়ে সাধারণ কর্মজীবী মানুষের আয়করের বোঝা কমানোর পরিকল্পনা।

কিন্তু এই প্রস্তাবে আপত্তি তুলেছে শাসক জোটের শরিক ডানপন্থী উদারপন্থী দল VVD। তাদের দাবি, সম্পদের উপর অতিরিক্ত কর চাপালে বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা দেশ ছাড়তে পারেন। অন্যদিকে প্রধানমন্ত্রী জেটেনের দল D66 এবং CDA বিরোধী দলগুলির সমর্থন নিয়ে প্রস্তাবটি এগিয়ে নিয়ে যায়।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর নেদারল্যান্ডসের নিম্নকক্ষে ৭৬-৭৪ ভোটে কর পরিকল্পনাটি পাশ হয়েছে। VVD এর বিরোধিতা করলেও প্রস্তাবটি আটকে যায়নি।

এবার জোটের ভবিষ্যৎ নিয়ে শুক্রবার আলোচনায় বসার কথা প্রধানমন্ত্রী জেটেনের। তবে বিলটি আইনে পরিণত হতে এখনও উচ্চকক্ষের অনুমোদন প্রয়োজন। রাজনৈতিক মহলের নজর এখন সেই বৈঠকের দিকেই।