উত্তরপাড়ায় হিন্দুস্তান মোটরস-এর ইভি কারখানা: মুখ্যমন্ত্রীর দপ্তর চাইল ডিপিআর, নতুন আশার আলো শিল্পাঞ্চলে

উত্তরপাড়ায় হিন্দুস্তান মোটরস-এর বন্ধ কারখানার জমিতে ইভি তৈরির প্রস্তাব। মুখ্যমন্ত্রীর দপ্তর ডিটেলড প্রোজেক্ট রিপোর্ট (ডিপিআর) চেয়েছে। হুগলি শিল্পাঞ্চলে নতুন কর্মসংস্থানের আশা।

Share:

ব্যুরো নিউজ, ২৯ সেপ্টেম্বর ২০২৬: হুগলি শিল্পাঞ্চলে নতুন করে শিল্পায়নের সম্ভাবনা দেখা দিয়েছে। একদা অ্যাম্বাসাডর গাড়ির পীঠস্থান উত্তরপাড়ার হিন্দুস্তান মোটরস তাদের বন্ধ কারখানার জমিতে ইলেকট্রিক ভেহিকেল (ইভি) তৈরির প্রস্তাব দিয়েছে রাজ্য সরকারকে। এই প্রস্তাবকে ঘিরে স্থানীয় মানুষজন থেকে শুরু করে শিল্প মহলে নতুন আশার সঞ্চার হয়েছে।

রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় এই খবরের সত্যতা স্বীকার করে জানিয়েছেন, যুদ্ধকালীন তৎপরতায় জমি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। জানা গিয়েছে, সি কে বিড়লা গোষ্ঠীর এই সংস্থার কাছে প্রকল্পের বিস্তারিত রিপোর্ট বা ডিটেলড প্রোজেক্ট রিপোর্ট (ডিপিআর) চেয়ে পাঠিয়েছে মুখ্যমন্ত্রীর দপ্তর। যদিও সূত্র মারফত খবর, হিন্দুস্তান মোটরস এখনও সেই রিপোর্ট জমা দেয়নি।

সিঙ্গুর থেকে টাটার পাততাড়ি গুটানো, ডানলপ কারখানার ঝাঁপ বন্ধ হওয়া এবং অবশেষে হিন্দুস্তান মোটরস-এর কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর হুগলি শিল্পাঞ্চলে বেকারত্ব এক চরম আকার ধারণ করেছিল। এই পরিস্থিতিতে ইভি কারখানা তৈরির প্রস্তাব নিঃসন্দেহে এক ইতিবাচক পদক্ষেপ।

উত্তরপাড়ায় প্রায় ৭০০ একর জমির উপর গড়ে উঠেছিল দেশের প্রথম এই গাড়ি কারখানা। বর্তমানে বন্ধ কারখানার ৩০০ একর জমি আবাসন প্রকল্পের জন্য একটি সংস্থাকে দেওয়া হয়েছে এবং টিটাগড় রেল সিস্টেমস লিমিটেডকে ৪০ একর জমি দেওয়া হয়েছে আধুনিক রেল কোচ তৈরির জন্য। বাকি জমিতেই ইভি তৈরির পরিকল্পনা রয়েছে।

মার্কিন সংস্থা স্টেলান্টিস এবং ইউরোপের বেশ কিছু গাড়ি সংস্থার সঙ্গে হিন্দুস্তান মোটরস-এর ইভি তৈরি নিয়ে আলোচনা চলছে। এই প্রস্তাব বাস্তবায়িত হলে এলাকায় শিল্প, কর্মসংস্থান এবং অর্থনৈতিক অবস্থার পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে।